যুক্তরাষ্ট্রে ‘নির্দয় আঘাত’ হানার হুশিয়ারি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম পিয়ংইয়ং, দাবি

যুক্তরাষ্ট্রে ‘বেপরোয়া ও নির্দয় আঘাত’ হানার হুশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি আরও জানিয়েছে, ‘পিয়ংইয়ং নিমিষেই যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে পারে। শুধু গুয়াম, হাওয়াই নয় বরং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ‘নির্দয় আঘাত’ হানতে সক্ষম পিয়ংইয়ং। আর উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র শুধু আমেরিকার জন্যই তৈরি করা হয়েছে।’ উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন রোববার এক নিবন্ধে এই হুশিয়ারি উচ্চারণ করেছে। খবর সিএনএনের। সোমবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে উলচি ফ্রিডম সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর একদিন আগে এমন হুশিয়ারি দিল উত্তর কোরিয়া। ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে উত্তর কোরিয়া বলেছে, দেশটি আমেরিকা ছাড়া আর কোনো দেশে হামলা চালানোর জন্য পরমাণু অস্ত্র তৈরি করেনি।এছাড়া উত্তর কোরিয়াকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের ‘শক্তিশালী মালিক’ বলেও উল্লেখ করেছে পত্রিকাটি। উত্তর কোরিয়া এর আগে ঘোষণা করেছে, আমেরিকার বিদ্বেষনীতি এবং হামলা চালানোর হুমকির কারণে পরমাণু অস্ত্র তৈরি করতে বাধ্য হয়েছে পিয়ংইয়ং।

Developed by DXDasia