লন্ডনের রাস্তায় বন্ধ হচ্ছে উবার

৩০ সেপ্টেম্বর চলতি নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে উবারকে আর নিবন্ধন দেওয়া হবে না

রয়টার্স সূত্রে খবর, লন্ডনের রাস্তায় বন্ধ হচ্ছে মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার। নিয়ন্ত্রক সংস্থা লন্ডন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ (টিএফএল) জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর চলতি নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে উবারকে আর নিবন্ধন দেওয়া হবে না। অর্থাৎ, ওই দিনের পর থেকে নগরীর বাসিন্দাদের আর এই ট্যাক্সি সেবা নেওয়ার সুযোগ থাকছে না।

নতুন করে নিবন্ধন না বিষয়টি শুক্রবার উবার’কে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে টিএফএল। কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভাড়া করা গাড়ি দিয়ে পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে কিছু নিয়ম মানতে হয়। কিন্তু উবার অনেক ক্ষেত্রেই দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অথচ এসব বিষয় সরাসরি জনগণের নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই নতুন করে উবারের নিবন্ধন নবায়ন করা হচ্ছে না।

দুনিয়ার ৭৪টি দেশের মানুষ উবার ব্যবহার করে প্রতিদিন গড়ে ৫০ লক্ষাধিক বার ট্যাক্সিতে চড়ছেন। ২০১২ সালে লন্ডনে যাত্রা শুরুর পর বর্তমানে সেখানে প্রায় ৩৫ লাখ যাত্রী এই পরিবহন সেবা নিচ্ছেন। সেখানে এই সেবার সঙ্গে জড়িত রয়েছেন প্রায় ৪০ হাজার চালক। 

Developed by DXDasia