
এসি কোচে তাপমাত্রা বাড়ানো হবে, আর কম্বল লাগবেই না
এত দিন এসি কোচে নোংরা কম্বল যাত্রীদের দিচ্ছিল রেল কর্তৃপক্ষ। সিএজি রিপোর্টে তা ধরা পড়ার পর হই হই শুরু হয়ে যায়। রেল অবশ্য নিজেকে শোধরানোর ধার পাশ দিয়েও যেতে নারাজ। উলটে সিদ্ধান্ত, এসি কোচে এবার থেকে আর মিলবে না কম্বল। সিএজি রিপোর্টে উঠে আসা অপরিচ্ছন্নতার অভিযোগের কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কম্বল না দিলে কী উপায় হবে? এসির মাত্রা ১৯ করা থাকে সেটা এবার থেকে ২৪ করা থাকবে। তাতে নাকি আর কারও ঠান্ডাই লাগবে না। ফলে কেউ কম্বলও চাইবে না। এতে নাকি রেলের খরচও অনেক কমবে।
জানা গিয়েছে রেলমন্ত্রী সুরেশ প্রভু নিজে ডিসপোসেবল বেডরোলের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাব বাস্তবায়িত হতে এখন অনেকটাই দেরী। সিএজি রিপোর্টে রেলের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সেইসঙ্গে এসি কোচের কম্বল ও চাদর বালিশের ওয়াড়ের অপরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি রেলের নিম্ন মানের খাবার নিয়ে দেশ জুড়ে সমালোচনা চলছে। তবে কী রেল এবার খাবার দেওয়াও বন্ধ করে দেবে। রেলের কম্বল-নীতি দেখে এখন যাত্রীদের এটাই ভয়।
