
আসছে হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘দ্য নাইটওয়াচম্যান’
আসতে চলেছে টানটান উত্তেজনায় ভরপুর ওয়েব সিরিজ ‘দ্য নাইটওয়াচম্যান’। পরতে পরতে রহস্যে মোড়া এই ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে যাত্রা শুরু করতে চলেছেন সব্যসাচী-পুত্র অর্জুন চক্রবর্তী। ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা অর্জন করেছে ওয়েব সিরিজের ট্রেলার।
হাড়হিম করা এই থ্রিলারের কেন্দ্রীয় চরিত্রেই অর্জুনকে দেখা যাবে। সাদাসিধে ভালোমানুষ নিশীথের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তারপর ঘটনাচক্রে নিশীথ জড়িয়ে পড়ে অপরাধ দুনিয়ার অন্ধ গলিতে এবং তার জীবনের মোড় ঘুরে যায় চিরকালের মতো। এভাবেই ‘দ্য নাইটওয়াচম্যান’-এর কাহিনি এগিয়ে যেতে থাকে। অর্জুন ছাড়াও এই ওয়েব সিরিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, অনুষা বিশ্বনাথন, জয়দীপ মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা। সমস্ত ওয়েব সিরিজটির পরিচালনার দায়িত্ব সামলেছেন রাজা মুখোপাধ্যায়।
পাঠকদের জন্য রইল নতুন ওয়েব সিরিজ ‘দ্য নাইটওয়াচম্যান’-এর অফিসিয়াল ট্রেলার। সৌজন্যে হইচই।
