নিউটাউনের ‘মা’ ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

প্রতিদিনের খাবার রান্না করা থেকে পরিবেশন, সবটাই নিজে হাতে সারছেন তাঁরা

করোনা পরিস্থিতি এবং লকডাউনের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কিছু মাস আগেই শুরু হয়েছিল ‘মা’ ক্যান্টিন। এই উদ্যোগ ছড়িয়ে পড়েছিল জেলায় জেলায়। মাত্র পাঁচ টাকায় পেট ভরা খাবার। তেমনই একটি শাখা কলকাতার নিউটাউনে দেখা গেল নতুন এক ছবি।

সেই ক্যান্টিন চালানোর দায়ভার দেওয়া হল স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। প্রতিদিনের খাবার রান্না করা থেকে পরিবেশন সবটাই নিজে হাতে সারবেন তাঁরা। এনকেডিএ কর্তৃপক্ষ সূত্রে খবর, আপাতত পাঁচজন মহিলাকে নিযুক্ত করা হয়েছে। পরে সেই সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

গত ১ জুন নিউটাউন, অ্যাকশন এরিয়া-১ এলাকার এডি ব্লকে এনকেডিএ বাজারের সংলগ্ন স্থানে চালু হয় ‘মা’ ক্যান্টিন। উদ্বোধন করেন বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এটিই নিউটাউন-রাজারহাট অঞ্চলের প্রথম ‘মা’ ক্যান্টিন।চলতি সপ্তাহের বুধবার থেকে রান্না এবং পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। দেওয়া হচ্ছে পারিশ্রমিকও। এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেওয়া গেল। এমনকি প্রত্যেক মহিলাদের শাড়ি দেওয়া হয়েছে। একমাসেরও কম সময়ে নিউটাউনের এই ক্যান্টিন থেকে প্রায় এক হাজার জনেরও বেশি মানুষকে পেট ভরে খাবার খাওয়ানো হয়েছে।

Developed by DXDasia