
স্বচ্ছতা আনার লক্ষ্যে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এবার থেকে খাতা দেখা যাবে অনলাইনে
পরীক্ষার্থীরা অনলাইনেই দেখে নিতে পারবেন উত্তরপত্র। একইভাবে পুনর্মূল্যায়ন করা হবে অনলাইনে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নবীন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী এমনটিই জানিয়েছেন। স্বচ্ছতা আনার লক্ষ্যে তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানে এবার থেকে খাতা দেখা যাবে অনলাইনে। এই বিশ্ববিদ্যালয়ের অধীন সব কলেজে এবার অনলাইনেই মূল্যায়ন করা হচ্ছে উত্তরপত্র। এই মাস থেকেই চালু হয়েছে নয়া পদ্ধতি। পরীক্ষা ব্যবস্থায় যুগান্তকারী এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সমগ্র রাজ্য।
পশ্চিম বর্ধমান জেলার নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে কুড়িটি কলেজ। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় চল্লিশ হাজার। খাতা দেখার তাই অনেক সমস্যা। এবার থেকে তাই উত্তরপত্র প্রথমে স্ক্যান করা হবে। এরপর সেগুলি আপলোড করা হবে ই-ফাইলে। ওই ফাইলে গিয়ে পরীক্ষকরা খাতা দেখতে পারবেন, নম্বর দিতে পারবেন। উত্তরপত্র দেখা হয়ে গেলে সেটি লক হয়ে যাবে। অনলাইনে কোন প্রশ্নে কত নম্বর পাচ্ছেন পরীক্ষার্থী, তা উল্লেখ করার বিশেষ ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই সেকেন্ড সেমেস্টারের খাতা ইতিমধ্যেই স্ক্যান করা শুরু হয়ে গেছে। এই উত্তরপত্রের ভিত্তিতে ফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীদের কাছে থাকবে পাসওয়ার্ড। যার সাহায্যে ওই ই-ফাইলে গিয়ে তাঁরা মূল্যায়িত উত্তরপত্র দেখতে পারবেন। আবার একজন পরীক্ষার্থী কখনওই অন্যের খাতা দেখতে পারবেন না।
আবার প্রাপ্ত নম্বর নিয়ে কোনো অভিযোগ থাকলে ছাত্রছাত্রীরা তা জানাতে পারেন। অনলাইনেই তা খতিয়ে দেখা হবে, পরীক্ষক যথাযথ নম্বর দিয়েছেন কি না। এত দিন ফের খাতা দেখে নতুনভাবে নম্বর দিতে অনেকটা সময় লেগে যেত। এখন আর সেই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যেতে হবে না। এই সম্পূর্ণ ব্যবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ হল স্বচ্ছতা। যা একটি প্রতিষ্ঠানের পক্ষে ভীষণ ইতিবাচক। প্রসঙ্গত, অধ্যাপক থেকে ছাত্রছাত্রী কেউই এই নতুন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি।
