
কেবলমাত্র দুঃস্থদের জন্যই খোলা হয়েছে এই বিপণি
পুজো আসতে আর দেড় মাস বাকি। তারপরেই নতুন পোশাকে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ধুম শুরু হবে। আলো, হইচই, উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। আর সেই আলোর নিচে অন্ধকার যেন ঘন না হয়, সেই চেষ্টাতেই একটি ব্যতিক্রমী উদ্যোগ নিল বর্ধমানের অণ্ডাল ব্লক প্রশাসন। দুঃস্থদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার পাশাপাশি খোলা হল বিশেষ ‘বস্ত্র বিপণি’-ও। সেখানে সামান্য পুরোনো পোশাক ধুয়ে, ইস্ত্রি করে সাজানো থাকবে। যাদের প্রয়োজন, তারা এসে নিয়ে যাবেন সেই পোশাক।
অণ্ডাল ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকার সমস্ত বাসিন্দাদের কাছেই তাদের পোশাক এই প্রকল্পে দান করার জন্য আবেদন রাখা হয়েছিল। তবে শর্ত ছিল খুব পুরোনো, ছেঁড়া বা রংচটা পোশাক দেওয়া যাবে না। দিতে হবে স্বল্প ব্যবহৃত পোশাক। দেওয়ার আগে কেচে, ইস্ত্রি করেই দিতে হবে। এ যেন উপহারই দেওয়া। সম্ভব হলে নতুন পোশাকও দিতে পারেন যে কেউ। এই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। প্রশাসনের ‘বিপণি’-ও ভরে উঠেছে পোশাকে। পুজোর সময়ে তো বটেই, সারা বছরই যে পোশাক হাসি ফোটাবে দুঃস্থ মানুষদের মুখে।
