
পরিবেশকে রক্ষা করেই নতুনভাবে সাজবে গোটা এলাকা
নন্দন চত্বর সেজে উঠছে নতুন সাজে। গোটা বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যের এক সংক্ষিপ্ত পরিচয় সেখানে ফুটে উঠবে। থাকবে এমন ফুটকোর্ট, যেখান থেকে দেখা যাবে শিশির মঞ্চ, বাংলা আকাদেমি, নন্দন, রবীন্দ্র সদন-সহ চারপাশের গোটা এলাকাটাই।
কলকাতা তথা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দন চত্বরকে বিশ্বমানের রূপ দিতে সারা দেশের সেরা স্থপতিদের থেকে প্রস্তাব চাওয়া হয়েছে। শ্রেষ্ঠ প্রস্তাবের জন্য পশ্চিমবঙ্গ সরকার ৫ লক্ষ টাকা পুরস্কার দেবে। কয়েকটি জনপ্রিয় প্রতিষ্ঠান ইতিমধ্যেই তাদের প্রস্তাব জমা দিয়েছে।
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নবসাজে গড়ে ওঠা চত্বরে থাকবে লাইব্রেরি ও রিডিং রুম, এটিএম এবং আরও অনেক কিছু। সিদ্ধান্ত হয়েছে, গোটা অঞ্চলের হেরিটেজ অক্ষুণ্ণ রাখা হবে। কোনো ভবনের ভোল পাল্টানো হবে না। নতুন ভবন তৈরি করতে হলে ফাঁকা জায়গা বেছে নেওয়া হবে। পরিবেশ রক্ষা করেই চলবে যাবতীয় কাজ। সমস্ত প্রকল্প রূপায়নের দায়িত্ব নিয়েছে পূর্ত দপ্তর।
