ট্রায়াসিক যুগের নতুন প্রাণীর সন্ধান দিল দুই বাঙালি

প্রাণীটির নাম শৃঙ্গসরাস ইন্ডিকাস

দুটো শিং-ওয়ালা এক নতুন প্রাণীর সন্ধান দিল দুই বাঙালি। প্রাণীটির নাম শৃঙ্গসরাস ইন্ডিকাস। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের পুরাজীববিদ্যার অধ্যাপক শাশ্বতী বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর কলেজের শিক্ষক শারদী সেনগুপ্তের এই গবেষণা পুরাজীববিদ্যার ইতিহাসে নতুন দিক দর্শন খুলে দিয়েছে। এই গবেষণায় তাঁদের সঙ্গে ছিলেন আর্জেন্তিনার গবেষক মার্টিন ডি এজকুরা। 

মধ্যপ্রদেশে দেনওয়া নদীর ধারে সাতপুরা-গন্ডোয়াআনা বেসিন অঞ্চলের মাটি খুঁড়ে বেশকিছু ফসিল পাওয়া যায়। ফসলিগুলি থেকে সন্ধান মেলে এক নতুন প্রাণীর। ১৩ ফুট দীর্ঘ, ৪-৫ ফুট উচু, পাতার মত দাঁত বিশিষ্ট, দুটি শিং-ওয়ালা এই প্রাণীটি নিরামিষাশী। দুটি শিংয়ের জন্য এর নাম দেওয়া হয় শিঙ্গসরাস এবং ইন্ডিয়ায় এটি পাওয়া গেছে বলে পদবি হিসাবে ইন্ডিকাস’কে যুক্ত করা হয়েছে।

দীর্ঘ একদশকের গবেষণা চালাচ্ছে এই তিন বিজ্ঞানীরা। এই নতুন প্রাণীটির আবিষ্কারের গুরত্বের কথা বলতে গিয়ে তিন গবেষক বলেন, শৃঙ্গসরাস যে সময় কালের প্রাণী তাদের মধ্যে এর আগে শিং দেখা যায়নি। এতদিনের ধারণা ছিল, ১৪ কোটি থেকে সাড়ে ৬ কোটি বছর আগে ক্রেটাশিয়াস যুগের ডায়নোসরদেরই প্রথম শিং গজায়। কিন্তু এই নতুন প্রজাতির দুটি শিংয়ের প্রাণীর আবিষ্কার পুরাজীববিদ্যায় নতুন অধ্যায়ের সূচনা করবে। এই আবিষ্কার ট্রায়াসিক যুগের সাথে জুরাসিক যুগের মধ্যেকার যুগ সম্পর্কে জানতে সহায়তা করবে।      

Developed by DXDasia