বাংলা ভাষাতেও জয়েন্ট মেইন পরীক্ষা হবে ২০২১ থেকে

১১টি ভাষায় হবে পরীক্ষা

এবার জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা দেওয়া যাবে ১১টি ভাষাতে। ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্যবিদ্যায় স্নাতক অধ্যয়নের জন্য এই সর্বভারতীয় পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পড়ার সুযোগ পাওয়া যায় ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এবং অন্যান্য সরকার-পৃষ্ঠপোষিত জাতীয় প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে।

কিছুদিন আগে ন্যাশানাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বিবৃতি দিয়েছিল, জয়েন্ট এন্ট্রান্স বা জেইই মেইন পরীক্ষা ইংরেজি ও হিন্দির সঙ্গে গুজরাটি ভাষাতেও দেওয়া যাবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছিল। এনটিএ জানিয়েছিল, গুজরাট সরকারের অনুরোধেই গুজরাটি ভাষাকে পরীক্ষায় স্থান দেওয়া হয়েছে।

তখন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর থেকে এনটিএ-কে একটি চিঠি পাঠানো হয়। ২০২০ সালে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা যাতে বাংলাতেও হয়, তার দাবি জানানো হয় সেখানে। এরপর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানায়, ২০২১ সাল থেকে ১১টি ভাষাতে জেইই মেইন পরীক্ষা দেওয়া যাবে। অসমিয়া, বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলুগু এবং উর্দু – এই ভাষাগুলি তার মধ্যে পড়বে।

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ২০২০ সালের জেইই মেইন পরীক্ষার যাবতীয় ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়ে গেছে। এখন তাতে পরিবর্তন করা সম্ভব নয়। ২০২১ সাল থেকে তাই ১১টি ভাষায় পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীকালে আরও বেশি আঞ্চলিক ভাষায় যাতে এই পরীক্ষার ব্যবস্থা করা যায়, সেই বন্দোবস্ত করবে প্রশাসন।

Developed by DXDasia