
মূক-বধিরদের মুশকিল আসান করবে আজব দস্তানা
পাবলিক টয়লেটের সিস্টার্ন নব বা ট্যাপ কল অনেক সময়েই থাকে খুব নোংরা। তাই অনেকেরই সেখানে হাত দিতে সমস্যা হয়। সেই ঝামেলা থেকে মুক্তি পেতে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট কলেজের কয়েকজন পড়ুয়া বানিয়ে ফেলেছেন এমন যন্ত্র, যেটাকে পা দিয়ে চাপ দিলেই জল বেরোবে সিস্টার্ন বা ইউরিনালের কল থেকে। কেরালার সরকারি পলিটেকনিক কলেজের তিন পড়ুয়া আবার মূক-বধিরদের জন্য তৈরি করেছেন আজব দস্তানা। মূক ব্যক্তি সেই দস্তানা পরে হাতের ইঙ্গিত করলে ওই সাইন ল্যাঙ্গুয়েজকে কথ্য ভাষায় অনুবাদ করে শুনিয়ে দেবে দস্তানায় থাকা স্পিকার। আশেপাশের পরিস্থিতি সম্পর্কে ভাইব্রেশনের মাধ্যমে বধিরদের সর্তক করতেও কাজে দেবে এই দস্তানা।
এমনি সব আজব অথচ প্রয়োজনীয় জিনিসপত্রের প্রদর্শন হল গত শনি ও রবিবার। সল্টলেকের ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল রিসার্চ-এর উদ্যোগে এই দু’দিন আয়োজিত হল ‘ন্যাশানাল ইনোভেশন ট্যালেন্ট’। তাতে অংশ নিয়েছিল দেশের প্রায় ৩০টি পলিটেকনিক কলেজের ৪২টি দল। সৌরশক্তি ব্যবহার করে ঘাস কাটার যন্ত্র, পায়ে চাপ দিয়ে পাবলিক টয়লেট পরিষ্কার রাখার বন্দোবস্ত, মূক-বধিরদের অবাক দস্তানার মতো জিনিস তৈরি করে প্রযুক্তির খেলা দেখালেন পড়ুয়ারা। সেরা উদ্ভাবনের জন্য মিলল পুরস্কারও।
