দেশের টানেই পতাকা তৈরি করেন দুলাল

পনের অগস্ট এলেই জাতীয় পতাকা তৈরিতে মেতে ওঠে শীল পরিবার

পরিবারে আর্থিক সমস্যা আছে। কিন্তু দেশের টানেই পঁচিশ বছরেরও বেশি সময় ধরে শিলিগুড়িতে জাতীয় পতাকা তৈরি করে চলেছেন পঁচাত্তর বছরের বৃদ্ধ দুলাল শীল। পনের অগস্ট এলেই জাতীয় পতাকা তৈরিতে মেতে ওঠে শীল পরিবার।

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের পাশেই আছে নরেশ মোড়। আর তার পাশেই থাকেন দুলালবাবু। সেখানে একসময় দর্জির দোকান ছিল তাঁর। কাজের ফাকেই তৈরি করতেন দেশের জাতীয় পতাকা। দুলালবাবুর কথায়, বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেটের সময় বিভিন্ন দেশের পতাকা  তৈরি করলেও ২৬ জানুয়ারি বা ১৫ আগস্ট এলেই কাজ বেড়ে যায় দ্বিগুণ।  পতাকা তৈরি থেকে লাভ না হলেও এর থেকে দেশের টান অনুভব করা যায়। দেশের সঙ্গে একাত্ম অনুভব করা, দেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জাতীয় পতাকার জুড়ি নেই। মুখে কথা বলতে না পারলেও মূক মেয়ে জ্যোৎস্না ছাড়াও তিন ছেলে পরিতোষ, সুজন, সবুজ সবাই একত্রিত ভাবে বাবা-মায়ের সঙ্গে জাতীয় পতাকা তৈরি করে।

দেড় ফুট আকার থেকে ১৪ ফুট পর্যন্ত পতাকা তৈরি করেন দুলালবাবু। সেগুলি বিক্রি করা হয় কুড়ি টাকা থেকে দেড়শ টাকা পর্যন্ত। এখনও পর্যন্ত দশ হাজার পতাকা তৈরি করেছেন তিনি। আরও পাঁচ হাজার পতাকা তৈরির কাজ চলছে। তবে গত বছর প্রায় কুড়ি হাজার পতাকা তৈরি করেছিলেন। দুলালবাবু বলেন, আমাদের হাতে তৈরি পতাকা বিভিন্ন ভি আই পির গাড়িতে শোভা পায়, বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও গুরুত্ব পায়। তা দেখে ভালো লাগে।

Developed by DXDasia