অঙ্কের হিসেব কষে জাতীয় পুরস্কার জিতলেন ঘাটালের অর্ক

ন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে পশ্চিমবঙ্গ থেকে মাত্র একজনই জিতলেন

ন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে পশ্চিমবঙ্গ থেকে মাত্র একজনই জিতলেন জাতীয় পুরস্কার। অর্ক কর্মকার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা। অর্কর অঙ্কের প্রতি ভালোবাসা ছোটো থেকেই। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় গত ছয় মাস ধরে একাগ্রতার সঙ্গে কাজ করেছে দ্বাদশ শ্রেণির এই ছাত্র। তারই স্বীকৃতি হিসেবে দেশের মধ্যে আটজনের তালিকায় নাম উঠেছে অর্ক কর্মকারের।

সর্বভারতীয় অঙ্ক প্রতিযোগিতায় নিজের নাম লেখায় অর্ক৷ তিন ধাপের এই প্রতিযোগিতা সম্পূর্ণ হতে প্রায় ছয় মাস সময় লাগে৷ তা জেনেও পিছপা হয়নি অর্ক৷ পশ্চিমবঙ্গ থেকে একা অর্কই সর্বভারতীয় শিরোপা পেলেন৷ বাকিদের মধ্যে রয়েছে কেরল, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থানের একজন করে ছাত্র এবং তেলেঙ্গানার তিনজন ছাত্র৷ ম্যাথমেটিক্যাল ন্যাশনাল অলিম্পিয়াডের বিজেতারা এই আট ছাত্র দেশের তিনটি শীর্ষ বিজ্ঞান প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবেন৷ দ্বাদশ শ্রেণির পর সিএমআই বা চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, বেঙ্গালুরু – এই তিনটি কলেজের মধ্যে নিজেদের পছন্দমতো যেকোনো জায়গার মধ্যে দিয়ে নিজেদের কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবে৷ এছাড়া সরকারি খরচে দেশের সেরা বিজ্ঞানীদের সান্নিধ্যে এপ্রিল মাসে হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স-এ এক মাসের জন্য ক্যাম্প করার সুযোগও পাবে এই কৃতি আটজন।

ছবিসূত্র- সংবাদ প্রতিদিন

Developed by DXDasia