
জার্মানির টিয়েরপার্ক চিড়িয়াখানা থেকে আনানো হয়েছে পাঁচটি মিশমি টাকিন
এই প্রথম ভারতের কোনো চিড়িয়াখানায় থাকতে চলেছে ভুটানের জাতীয় পশু। তাও আবার খোদ আমাদের রাজ্যে। আগামী গরমের মরসুমে দার্জিলিং-এর পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে দর্শকরা মিশমি টাকিনকে দেখতে পাবেন।
জার্মানির টিয়েরপার্ক চিড়িয়াখানা থেকে আনানো হয়েছে পাঁচটি মিশমি টাকিনকে। তার বদলে বার্লিনের ওই চিড়িয়াখানায় দেওয়া হয়েছে দুটি রেড পান্ডা। গত শুক্রবার রাতে পাঁচটি টাকিন কলকাতাবিমানবন্দরে চলে আসে। তারপর সেগুলোকে পাঠানো হয় দার্জিলিং চিড়িয়াখানায়। দার্জিলিং-এর পরিবেশে মানিয়ে নেওয়া জন্য বড়ো আকৃতির ছাগল জাতীয় প্রাণীগুলোতে কয়েক মাস দর্শকদের থেকে আড়ালেই কোয়ারেন্টাইনে রাখা থাকবে। গরমকালে যখন চিড়িয়াখানায় ভিড় জমতে শুরু করবে, তার আগেই এদের ছেড়ে দেওয়া হবে খাঁচায়। তবে, টাকিনের বদলে যে রেড পান্ডাগুলোকে জার্মানি পাঠানোর কথা হয়েছে, সেগুলোকে এখনও পাঠানো হয়নি। সেগুলো বার্লিন রওনা দেবে আগামী মার্চে। ভারত-চিন-মায়ানমার-ভুটানের পার্বত্য অঞ্চলে ঘুরে বেড়ানো টকিন ইতিমধ্যেই আইইউসিএনের হিসেবে সারা বিশ্বে ‘বিপজ্জনক’ তালিকাভুক্ত। এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখার সুযোগ তৈরি হওয়ায় উৎফুল্ল দার্জিলিংবাসী। ভারতের মধ্যে প্রথম বাংলার চিড়িয়াখানায় ভুটানের জাতীয় পশু থাকার উদ্যোগকে গোটা রাজ্যের সচেতন নাগরিকরা স্বাগত জানিয়েছেন।
যে টাকিনগুলি আনা হয়েছে, তার মধ্যে রয়েছে তিনটি পুরুষ আর দুটি মহিলা। জার্মানির চিড়িয়াখানায় সেগুলিকে রক, রামোনা, ড্যানি, ক্লেরি, চার্লস নামে ডাকা হলেও এখানে তাদের নতুন নাম দেওয়া হতে পারে বলে জানা গেছে।
