
‘দেবতার গ্রাস’ ছবিতে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, সৌমিত্র চট্টোপাধ্যায়কে
দেশের পরিস্থিতি, টানাপড়েন, সামাজিক অবস্থার সংকট ইত্যাদি নিয়ে পরিচালক শৈবাল মিত্র অনেকদিন ধরেই চিন্তা-ভাবনা করছিলেন। আর সেখান থেকেই জেরোম লরেন্স এবং রবার্ট ইলির লেখা এই নাটকটি সিনেপর্দায় নির্মাণ করবেন বলে পরিকল্পনা করেন। ইতিমধ্যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন নাসিরুদ্দিন শাহ স্বয়ং। ধর্ম-সাম্প্রদায়িকতা-বিদ্বেষ-রাজনীতি নিয়ে মুখ খুলেছেন এই বর্ষীয়ান অভিনেতা। ‘দেবতার গ্রাস’ ছবিতে থাকছে চারটি ভাষা- বাংলা, ইংরেজি, হিন্দি ও সাঁওতালি। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহ দুজনেই উকিলের ভূমিকায় অভিনয় করবেন। একজন লড়বেন ধর্মের পক্ষে আরেকজন ধর্মের বিপক্ষে। অনেকদিন পর আবার বাংলা ছবিতে সঙ্গীত পরিচালনা করতে দেখা যাবে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারকে।
শৈবাল মিত্র পরিচালিত ‘দেবতার গ্রাস’-এর শুটিংয়ের জন্য কলকাতায় কয়েকদিন আগেই পা রাখলেন নাসিরউদ্দিন শাহ। সম্প্রতি শুরু হল ছবির শুটিং। দুই কিংবদন্তী অভিনেতা ছাড়াও দেবতার গ্রাসে অভিনয় করবেন শ্রমণ চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, পার্থপ্রতিম মজুমদার, শুভ্রজিৎ দত্ত, অমৃতা চট্টোপাধ্যায়। কৌশিক সেন ছবিতে দিল্লির একজন সাংবাদিকের ভূমিকায়। জানা গেছে, কোর্টরুম সিকোয়েন্স শুট হবে ইনডোরে। বাকি অংশের শুটিং হবে বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায়।
