
নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগ
মহিলাদের স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দিতে হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে। তিলজলা, তপসিয়া আর হাওড়া মিলিয়ে তিনটে জায়গায় প্রথমে ৮-১০ এপ্রিল নাগাদ বসানো হতে চলেছে এই মেশিন। তারপর এই বছরের মধ্যেই আরও ২০টি বস্তি এলাকায় ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে নারায়ণা হাসপাতাল কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে নারায়ণা হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টর শুভাশিস ভট্টাচার্য জানিয়েছেন, প্রথম দফায় প্রত্যেক মেশিনে ১৩০০টি করে ন্যাপকিন ইনস্টল করা হবে। এগুলি দেওয়া হবে বিনামূল্যে। তিলজলা শেড, একতারা এবং সামারিটান হেলথ মিশন এই কাজে সাহায্য করছে হাওড়া নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালকে।
