
এযাবৎ নন্দাদেবী ইস্ট শৃঙ্গজয় হয়েছে মাত্র ১৩ বার
হিমালয়ের অন্যতম দুর্গম শৃঙ্গ। অনেকে বলেন, পৃথিবীরও। এযাবৎ, মাত্র ৩০ বার অভিযান হয়েছে নন্দাদেবী ইস্টের উদ্দেশে। তার মধ্যে মাত্র ১৩টি সফল অভিযান। তেনজিং নোরগে বলেছিলেন, জয় করার পক্ষে নন্দাদেবী ইস্টই তাঁর মতে সবচেয়ে কঠিন শৃঙ্গ। অথচ, এই শৃঙ্গ পৃথিবীর আট হাজারি শৃঙ্গগুলির মধ্যে পড়ে না (উচ্চতা ৭, ৪৩৪ মিটার)। তারপরেও দুর্গমতার বিচারে সারা বিশ্বের পর্বতারোহীদের সমীহ আদায় করে নিয়েছে এই শৃঙ্গ। এহেন নন্দাদেবী ইস্ট জয় করেই বাংলার পর্বতারোহণের ইতিহাসে এক নতুন গৌরবের অধ্যায় যোগ করল সাউথ ক্যালকাটা ট্রেকার্স অ্যাসোসিয়েশনের পর্বতারোহীরা।
গতকাল সকাল ১১তা নাগাদ নন্দাদেবী ইস্টের চুড়োয় পা রাখেন প্রদীপ বর। তাঁর সঙ্গে ছিলেন ফুর্বা শেরপা-সহ আরো তিনজন শেরপা। শনিবার গভীর রাতে সামিট ক্যাম্প থেকে রওনা দিয়েছিলেন প্রদীপ। শৃঙ্গজয় করে নিরাপদে ফের সামিট ক্যাম্পে ফিরে এসেছেন সবাই। প্রদীপ বর ছাড়াও বাঙালি অভিযাত্রীদের এই দলে ছিলেন দলনেতা রাজশেখর মাইতি, উপল চক্রবর্তী এবং আশিস গুপ্ত।
গত মে মাসেই এই নন্দাদেবী ইস্ট অভিযানে এসে প্রাণ হারিয়েছেন বিখ্যাত ব্রিটিশ পর্বতারোহী মার্টিন মোরান। পৃথিবীর অন্যতম দুর্গম এই শৃঙ্গজয় বাংলার পর্বতারোহণের ইতিহাসে নিঃসন্দেহে বিরাট ঘটনা।
