হিন্দু সন্ন্যাসীদের সংগঠন অখিল ভারতীয় আখড়া পরিষদ বানিয়েছে এই তালিকাটি

রাম রহিম থেকে আসারাম বাপু – একের পর এক ধর্মগুরুর নাম অপরাধের সঙ্গে যুক্ত হয়ে চলায় রীতিমত অস্বস্তিতে পড়েছে হিন্দু সন্ন্যাসীদের সংগঠন অখিল ভারতীয় আখড়া পরিষদ। এবার নিজেদের অস্বস্তি কাটাতে 'ভুয়ো ধর্মগুরু’দের একটি তালিকা প্রকাশ করে এই সংগঠন। ১৪টি আখড়াসম্পন্ন এই সংগঠন মোট ১৪ জন ধর্মগুরুকে ‘ভুয়ো ধর্মগুরু’র তালিকায় রেখেছে। মূলত, যে সমস্ত ধর্মগুরুদের নাম অপরাধের তালিকায় উঠছে বা এদের বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে তাঁদের নামই রাখা হয়েছে এই তালিকায়।

তালিকায় যাঁদের নাম আছে তাঁরা হলেন – গুরমিত রাম রহিম সিংহ ইনসান, আসারাম বাপু, নারায়ণ সাই, রাধে মা, নির্মল বাবা, ওম বাবা, ওম নমঃ শিবায় বাবা, রামপাল, ইচ্ছাধারী ভীমানন্দ, স্বামী অসীমানন্দ, সচ্চিদানন্দ গিরি, আচার্য কুশমুনি, বৃহস্পতি গিরি ও মালখান সিংহ। 

এলাহাবাদে ধর্মগুরুদের বৈঠকে জানানো হয়েছে, জুলাই মাস থেকেই ভুয়ো সাধুদের তালিকা তৈরি করছে এই সংগঠন। সংগঠনের তরফে জানানো হয়েছে, হিন্দু শঙ্করাচার্যদের সম্মেলন – যেমন অর্ধ কুম্ভ মেলা, মাঘ মেলায় কোনও মতেই যোগ দিতে পারবে না এই তালিকাভুক্ত সাধুরা। সংগঠন জানিয়েছে, এই ভুয়ো ধর্মগুরুরা মানুষকে দিক ভ্রষ্ট করছে বলে অভিযোগ।

Developed by DXDasia