
১২০ টাকা থেকে ১৩০ টাকা কেজি দরে নলেন গুড় বিক্রি হচ্ছে
শীত পড়তেই বাঙালির জিভে নলেন গুড়ের স্বাদ। কে আটকায় তখন! পাড়ার মিষ্টির দোকানে গিয়ে খোঁজা শুরু গরম গরম গুড়ের রসগোল্লার। এবছর শীত পড়তে না পড়তেই গোটা বাংলায় শুরু হয়ে গেছে নলেন গুড় বিক্রি। বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলায় এবার বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ায় শীতের শুরুতেই আদর্শ আবহাওয়ার কারণে খেজুর গাছের রস সংগ্রহ করতে শুরু করেছেন নলেন গুড় বিক্রেতারা। শীতের শুরুতে নলেন গুড়ের ব্যাপক চাহিদা বেড়েছে জেলার বাজার ও মিষ্টির দোকানগুলিতে। ভোর ৩টে থেকে কর্মীরা গাছের রস সংগ্রহ করার কাজে নেমে পড়েন। প্রতিদিন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন। পরিবারের মহিলারা ভোর ৪টে থেকে কাঠের আগুনে সেই রস জাল দিয়ে গুড় প্রস্তুত করেন। এমনকি এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নলেন গুড় কলকাতা ও আশপাশের জেলায় যায়। বাজারে খাঁটি নলেন গুড়ের চাহিদা রয়েছে।
এখানে ১২০ টাকা থেকে ১৩০ টাকা কেজি দরে নলেন গুড় বিক্রি হচ্ছে। অনেকেই কিনছেন। সাক্ষী থাকছেন শীতের প্রথম গুড়ের স্বাদে। শীত আসার উপকরণ আছে কয়েকটি। যারা জানান দেয়, দরজায় কড়া নাড়ছে শীত। সেই উপকরণগুলির মধ্যে যদি থাকে পিকনিক, কমলালেবু বা সোয়েটার, তাদের ঠিক পাশেই রাজার মতো বসে থাকবে নলেন গুড়।
