‘আমাকে ভোট না দিলে হাঁটবেন না রাস্তায়, নেবেন না পেনশন’

যে-সব গ্রাম সরকারকে ভোট দেয় না, সেগুলিকে উপেক্ষা করতেও পরোয়া নেই

ভোট না দিলে, ভোগ করা যাবে না সরকারি সুবিধাও। এমনই মন্তব্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু-র। ‘আপনারা আমার দেওয়া পেনশন পান, আমার সরকারের তৈরি রাস্তা দিয়ে যাতায়াত করেন। কিন্তু আমাকে ভোট দেন না। এটা কেমন কথা!’ – কুরনুল জেলার নন্দালে পার্টির এক অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন তোলেন। এও বলেন, ‘আমাকে ভোট না দিলে পেনশন নেবেন না, রাস্তাঘাটও ব্যবহার করবেন না।’

তেলেগু ডিসাম পার্টি(টিডিএম)-র নেতাদের তিনি বলেছেন, সরকারের থেকে সব সুবিধা পেয়েও কিছু ভোটার কেন সরকারকে ভোট দেন না, জিজ্ঞেস করতে। যে-সব গ্রাম সরকারকে ভোট দেয় না, সেগুলিকে উপেক্ষা করতেও পরোয়া করবেন না তিনি, জানিয়েছেন চন্দ্রবাবু।

বিতর্ক উঠেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে। সাধারণ মানুষ সরকারি সুবিধা পাচ্ছেন বলে সরকারকে ভোট দিতেই হবে – এহেন তুঘলকি কথার বিরুদ্ধে সোচ্চার হয়েছে মিডিয়াও। গণতান্ত্রিক দেশে ভোটদানের অধিকার ও পছন্দ প্রত্যেক নাগরিকের স্বতন্ত্র। আর সরকারের কাজই হল দলমত নির্বিশেষে সবাইকে পরিষেবা দেওয়া। সেখানে চন্দ্রবাবু নাইডুর এই কথায় ভোটারের স্বাধীনতার দিকেই আঙুল তোলা হয়েছে বলে মনে করছেন অনেকে।

Developed by DXDasia