বাড়ি বাড়ি গিয়ে অসুস্থদের খোঁজ – পুরসভাগুলির নয়া উদ্যোগ

কলকাতা–সহ রাজ্যের সব পুরসভায় করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হবে

কলকাতা পুরসভা–সহ রাজ্যের সব পুরসভায় করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হবে বলে ঠিক হয়েছে। কলকাতা পুরসভায় এই কাজ করবেন কাউন্সিলর, পুরসভার স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কীভাবে এই পুরো কাজটি হবে, তা নিয়ে এদিন বৈঠক হয়। মঙ্গলবার পুর ও নগরোন্নায়ন মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব রাজীব সিন্হা। শুধু সর্দি, কাশি, জ্বর এবং করোনার উপসর্গ দেখা গেলেই নয়, যে–কোনও অসুস্থ মানুষের সম্পর্কে খোঁজখবর রাখতে হবে। অসুখের বিস্তারিত তথ্যের সঙ্গে অসুস্থ ব্যক্তির নাম, ঠিকানা, ফোন নম্বর নিয়ে রাখতে হবে। এই সব তথ্য–সংবলিত নথি দিতে হবে ওয়ার্ডের ডেপুটি ম্যানেজারকে। বরো ম্যানেজার ফোনে অসুস্থদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেবেন। সম্ভব হলে বাড়িতেই চিকিৎসা করা হবে। হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে পুরসভাই অ্যাম্বুল্যান্সে করে সরকারি হাসপাতালে পৌঁছে দেবে। এই ব্যবস্থা রাজ্যের সব পুরসভাতেই চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

মেয়র এদিন বলেছেন, ভুয়ো খবর বা তথ্যে বিশ্বাস করবেন না। করোনা–আক্রান্তের তথ্য দিয়ে বিভিন্ন ওয়ার্ডের তালিকা ও ম্যাপ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কলকাতা পুরসভার সঙ্গে এই তথ্য বা ম্যাপের কোনও সম্পর্ক নেই। 

Developed by DXDasia