
পড়ুয়াদের জন্য তৈরি হয়েছে মাল্টিজিম
শিক্ষা মানে শিক্ষার্থীর সার্বিক বিকাশ। তার দৈহিক, মানসিক, সামাজিক, বৌদ্ধিক সব রকমের উৎকর্ষই যাতে পরিপূর্ণতার দিকে এগিয়ে যেতে পারে, তার দিকে স্কুল কর্তৃপক্ষের লক্ষ রাখা জরুরি। তাই, স্কুলে পড়াশোনার সঙ্গে সঙ্গে ছবি আঁকা, গানবাজনার মতো নানারকম সৃষ্টিশীল কাজ এবং খেলাধুলো-শরীরচর্চায় পড়ুয়ারা যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তার বন্দোবস্ত রাখা হয়। কিন্তু অনেক স্কুলেই এখন খেলার মাঠের অভাব। তাই অবহেলিত হয় পড়ুয়াদের শরীরচর্চা। এই সমস্যা থেকে মুক্তি পেতে বিকল্প পথের ব্যবস্থা করেছে ব্যান্ডেল বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই স্কুলে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে মাল্টিজিম।
ব্যান্ডেল বিদ্যামন্দির স্কুলে মাঠ থাকলেও বছরের বেশির ভাগ সময়েই তা জলমগ্ন থাকে। এর ফলে অসুবিধে হয় ছাত্রদের খেলাধুলোয়। স্বাস্থ্য ভালো না থাকলে পড়াশোনায় ক্রমশ অমনোযোগী হয়ে পড়বে শিক্ষার্থীরা। বর্তমানে রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের শরীরচর্চার সুযোগ করে দিতে নানা রকম উদ্যোগ নিচ্ছে। তারই অঙ্গ হিসেবে চুঁচুড়ার বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় মাল্টিজিম গড়ে তোলা হয়েছে ব্যান্ডেল বিদ্যামন্দিরে। স্কুলের একটি হলঘরে বসানো হয়েছে ট্রেডমিল, সাইক্লিং-এর মতো হরেক সরঞ্জাম। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি পড়ুয়া থেকে তাদের অভিভাবকরা সবাই। অঞ্চলের সচেতন নাগরিকরাও যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদের দৈহিকভাবে সুস্থ রাখার অভিনব ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন। মোবাইল ফোনে সারাক্ষণ ব্যস্ত থেকে ছাত্ররা শারীরিক দিক থেকে যাতে পিছিয়ে না পড়ে, সেই দিকে কড়া নজর রয়েছে স্কুল কর্তৃপক্ষের।
