
২০১১ সাল থেকে প্রদান করা হয় এই পুরস্কার
দক্ষিণ এশিয়ার সবথেকে বড়ো সাহিত্য পুরস্কার এটি। বিজেতাদের মধ্যে আছেন ঝুম্পা লাহিড়ী, জিৎ থায়িল। এবার সেই পুরস্কারের প্রাথমিক তালিকায় জায়গা করে নিলেন বাংলার মনোরঞ্জন ব্যাপারী।
২০১১ সাল থেকে প্রদান করা হয় ডিএসসি প্রাইজ। দক্ষিণ এশিয়ার কোনো শহরের সাহিত্য উপলক্ষ্যে দেওয়া হয় এই পুরস্কার, ভারতীয় মুদ্রায় যে পুরস্কারের মূল্য ১৮ লক্ষ টাকা। ডিএসসি প্রাইজ ২০১৯-এর লংলিস্টে যে ১৫টি উপন্যাসের নাম আছে, তার মধ্যে স্থান পেয়েছে মনোরঞ্জন ব্যাপারীর লেখা ‘বাতাসে বারুদের গন্ধ’ উপন্যাসের ইংরেজি রূপান্তর ‘দেয়ার্স গানপাউডার ইন দি ইয়ার’। বিশিষ্ট সাংবাদিক অরুণাভ সিংহ বইটিকে অনুবাদ করেছেন। ডিএসসি প্রাইজের ৫ সদস্যের আন্তর্জাতিক জুরির প্রধান এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রাক্তন অধ্যাপক হরিশ ত্রিবেদী এই লংলিস্টের ঘোষণা করেন।
প্রাথমিক তালিকায় রয়েছে অকিল কুমারস্বামী, অমিতাভ বাগচি, ফতিমা ভুট্টোর মতো সাহিত্যিকদের বই। আগামী ১৬ ডিসেম্বর পোখরায় আইএমই নেপাল সাহিত্য উৎসবে বিজেতা সাহিত্যিকের নাম ঘোষণা করা হবে।
ছবিসূত্র- ফেসবুক
