পঞ্চমবার ভারতসেরা হল সবুজ-মেরুন টিম – পড়ুন সারাদিনের বাছাই খবর

দিনযাপনে বাছাই করা খবর

পঞ্চমবার ভারতসেরা হল সবুজ-মেরুন টিম

ইস্টবেঙ্গলের হাতে রিয়াল কাশ্মীর পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গেই জয় প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল। মঙ্গলবার কল্যাণীতে সেই সম্ভাবনাকেই সত্য প্রমাণ করল কিবু ভিকুনার দল। আইজল এফসিকে ১-০ গোলে হারিয়ে ফের আই লিগ জয়ী হলেন তাঁরা। চার ম্যাচ বাকি থাকতেই মোহনবাগানের শিবিরে ট্রফি চলে এল। পাঁচ বছর পর। এই নিয়ে দ্বিতীয়বার তাঁরা আই লিগ চ্যাম্পিয়ন হলেন। তিনবার জাতীয় লিগ জয়ী হয়েছিল সবুজ-মেরুন টিম। সব মিলিয়ে তাঁরা পাঁচবার ভারতসেরা হলেন। গতকাল খেলা শেষ হলেই উচ্ছ্বাসে আত্মহারা হয়ে পড়েন সবুজ-মেরুন টিমের খেলোয়াড়েরা। সমর্থকরাও জয় উদযাপনে মেতে ওঠেন।

পছন্দের পুরোনো বই সংগ্রহ করুন বিনামূল্যে

নিজের পছন্দ মতো নিতে পারেন পুরোনো বই। কোনো দাম না দিয়েই রেখে দিতে পারেন নিজের কাছে। একটাই শর্ত, একজন তিনটের বেশি বই নিতে পারবেন না। এরকমই বই উৎসবের আয়োজন করতে চলেছে ‘মৃত্তিকা’। সঙ্গে আছে ‘কথাকলি’ এবং ‘আমাদের যাদবপুর’ নামের দু’টি সংস্থা। সন্তোষপুর লেক পল্লিও সামিল হয়েছে এই উদ্যোগে। গল্প এবং ডিগ্রি কোর্সের পুরোনো বই চেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছিল মৃত্তিকা। তাতে সাড়া মিলেছে ব্যাপক। প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৬৫টি গল্পের বই তাঁদের হাতে তুলে দিয়েছেন। সব মিলিয়ে হাজারখানেক বই জমা পড়েছে এখনই। সন্তোষপুর লেক পল্লির পাশের মাঠের রাস্তায় ২৮ এবং ২৯ মার্চ এই বইমেলা চলবে। এই দু’দিন দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত আপনিও গিয়ে পছন্দের বই সংগ্রহ করতে পারেন।

মহিলা পুরোহিতই এখনও অবধি বছরের সেরা হিট

৬ মার্চ অর্থাৎ নারী দিবসে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় ব্যানারের ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। মহিলা অব্রাহ্মণ পুরোহিতের জীবন সংগ্রাম এবং পুরুষতান্ত্রিক ব্রাহ্মণ্যবাদী সমাজে মেয়েদের টিকে থাকার কথা বলেছে এই ছবি। এখনও এক সপ্তাহ হয়নি, কিন্তু ইতিমধ্যেই বক্সঅফিসে চরম সাফল্য পেয়েছে এই ছবি। উইন্ডোজ প্রোডাকশন মানেই বক্সঅফিস সাফল্য। এই সমীকরণ ভেঙে ফেলা সত্যিই কঠিন। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ও সেই কথাই জানান দিল। এখনও পর্যন্ত ২০২০ সালের অন্যতম বড়ো হিট এই ছবি। এই মাসেই মুক্তি পাবে ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘পার্সেল’। তার ভাগ্য কতটা সহায় হবে, তা নির্ভর করছে দর্শকদের উপর।
Developed by DXDasia