
‘যারা গোরুকে পুজো করেন তারা কখনোই হিংসাকে আশ্রয় করেন না’
প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে স্ব-নিযুক্ত গো-রক্ষকদের হাতে নিগৃহীত হচ্ছেন সংখ্যালঘু মানুষ। কিন্তু তাতে হুঁশ নেই আরএসএস প্রধানের। আগে গো-রক্ষা নিয়ে হিংসার বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন মোহন ভাগবত। আর রবিবার বললেন, যারা গোরুকে পুজো করেন তারা কখনোই হিংসাকে আশ্রয় করেন না। এমনকী তাদের মনে আঘাত লাগলেও নয়।
গো-রক্ষা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ এবং বিভিন্ন হিন্দু মৌলবাদী সংগঠনগুলির তাণ্ডবে যখন সন্ত্রস্ত গোটা দেশ, তখন সংঘ সুপ্রিমোর এমন বার্তায় অনেকেই হতভম্ব। ছ’দিনের রাজস্থান সফরে রয়েছেন ভাগবত। রবিবার জয়পুরের কাছে জামডোলিতে স্বেচ্ছাসেবকদের সভায় এক সদস্যর প্রশ্নের উত্তরেই এমন মন্তব্য তাঁর। গো সংরক্ষণকে অর্থনৈতিকভাবে লাভজনক বলেও দাবি করেন ভাগবত।
তাহলে যে হিংসার ঘটনাগুলি ঘটছে, গো-রক্ষক পরিচয় দিয়ে যারা সামনে আসছেন তারা কারা? ভাগবতের মন্তব্যের পর এই প্রশ্নগুলোই সামনে চলে আসছে। নাকি ঘটে চলা হিংসার ঘটনাগুলোর দায় নেওয়া থেকে কৌশলী দূরত্ব রচনা করতেই অবস্থান বদল আরএসএস প্রধানের?
