
সোমবার নবম ব্রিকস সম্মেলনে নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান চিনের প্রেসিডেন্ট জাই জিনপিং
সোমবার নবম ব্রিকস সম্মেলনে নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন চিনের প্রেসিডেন্ট জাই জিনপিং। সাম্প্রতিক ডোকলাম-বিতর্কের তিক্ততা ভুলে এই দৃশ্য দু-দেশের সম্পর্ককে অনেকটাই স্বাভাবিক করে তুলেছে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকসের নবম সম্মেলনের উদ্বোধন করে চিনের প্রেসিডেন্ট বলেন – 'আমাদের কণ্ঠ হবে একটাই। আন্তর্জাতিক শান্তি ও উন্নয়নের স্বার্থে সমস্ত সমস্যার সমাধানে আমাদের একযোগে কাজ করতে হবে। আমাদের পাঁচটি দেশের জাতীয় পরিস্থিতি আলাদা হলেও আমাদের উন্নয়নের লক্ষ্য একটাই। আমাদের অটুট ঐক্যের সাহায্যে আন্তর্জাতিক প্রশাসনে এই পাঁচ দেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।' পাশাপাশি, মোদীর বক্তব্য – 'ব্যক্তিতে-ব্যক্তিতে আদানপ্রদান বাড়ায় আমি খুশি। এভাবে আমাদের সংযোগ ও সমঝোতা আরও গভীর হবে। শান্তি ও উন্নয়নের জন্য পারস্পরিক বোঝাপড়া থাকাটা খুব জরুরি।’ মোদী এও বলেন – দারিদ্র দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, সাফাইকর্ম, খাদ্যের নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি, লিঙ্গসাম্য সুনিশ্চিত করাই তাঁদের সরকারের মূল লক্ষ্য।
আলোচনায় ডোকলাম-প্রসঙ্গ একবারও তোলেননি মোদী। ফলে, তিনি যে পারস্পরিক আলোচনার মাধ্যমে শান্তির সমর্থক সে-কথা বুঝিয়ে দিলেন আরও একবার।
