চলমান এটিএম থেকে এবার মিটবে তেষ্টা

কলকাতা পৌরসংস্থা এবং দুটি স্বনির্ভর মহিলা সংগঠনের অভিনব যৌথ উদ্যোগ

শহরের ব্যস্ত রাস্তায় চলতে চলতে জলের প্রয়োজন হলে এতদিন মানুষকে নির্ভর করতে হত বাড়ি থেকে আনা জলের বোতল অথবা দোকানের প্যাকেজড ওয়াটারের ওপর। কোনো কারণে বাড়ি থেকে আনা বোতলের জল শেষ হয়ে গেলে অথবা দোকানের জল না পেলে এখন থেকে আর তেষ্টায় হা-পিত্যেস করতে হবে না পথচলতি জনগণকে। জলের বিকল্প জোগান হিসেবে ৬টি ভ্রাম্যমান ওয়াটার এটিএম থাকবে কলকাতার বিভিন্ন প্রান্তে।

ইতিমধ্যেই কলকাতা পৌরসংস্থার উদ্যোগে মহিলাদের স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় তৈরি হয়েছে ক্যান্টিন। এর পরের ধাপ হিসেবেই ওয়াটার এটিএম-এর পরিকল্পনা। সহযোগিতায় থাকছে জে অ্যান্ড এস গ্রুপ এবং আয়ুশ ফাউন্ডেশন। ২৯ নভেম্বর থেকে মেডিক্যাল কলেজ, চাঁদনি, এসপ্ল্যানেড ও পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের সামনে থাকবে একটি করে ওয়াটার এটিএম। এর সঙ্গে নিউ মার্কেট বাজার চত্বরে আরো দু’টো ওয়াটার এটিএম ঘুরে বেড়াবে। ৬ টাকায় পাওয়া যাবে একগ্লাস পরিশ্রুত পানীয় জল। পাশাপাশি ৫ টাকায় এক লিটার এবং ৮ টাকায় দু’লিটার পরিশ্রুত জল পাওয়া যাবে সেখান থেকে। তারপর ধীরে ধীরে গোটা শহরে মোট ১৪১টি চলমান ওয়াটার এটিএম বসানোর পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ পরিশ্রান্ত এবং তৃষ্ণার্ত পথচারীদের অনেকটাই স্বস্তি দেবে বলে শহরবাসীর বিশ্বাস।

ভ্রাম্যমান ওয়াটার এটিএমগুলিকে পুরোটাই পরিচালনা করবেন মেয়েরা। আপাতত প্রত্যেকটা এটিএমে ২-৩ জন মহিলাকে নিয়োগ করা হবে। ওয়ার্ডভিত্তিক মহিলাদের এই কাজে যুক্ত করবে পৌরসংস্থা এবং এই দু’টি স্বেচ্ছাসেবী সংগঠন। মহিলাদের স্বনির্ভরতা এবং নারী ক্ষমতায়নের প্রেক্ষিতেও এই কর্মসূচি যথেষ্ট প্রশংসার দাবি রাখে।

Developed by DXDasia