
স্বাস্থ্য, বিজ্ঞাপন দপ্তরের অ্যাপ চালু করা হয়েছে ইতিমধ্যেই
কলকাতার পুরসভার সামগ্রিক তথ্য নিয়ে একটি ওয়েবসাইট এবং একটি মোবাইল অ্যাপ হয়েছিল আগেই। পুরসভার বিভিন্ন দপ্তর, প্রকল্প, কাজ, পরিষেবা সংক্রান্ত নানা ধরনের তথ্য সেখান থেকে পেতে পারেন সাধারণ মানুষ। এবার দপ্তরভিত্তিক আলাদা আলাদা মোবাইল অ্যাপ আনার পরিকল্পনা করছে কলকাতা পুরসভা।
আগেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর তাদের নিজস্ব অ্যাপ চালু করেছে। এবার সে পথেই হাঁটা শুরু করেছে কলকাতা পুরসভাও। পুরসভার স্বাস্থ্য, বিজ্ঞাপন দপ্তরের অ্যাপ শুরু করা হয়েছে ইতিমধ্যেই। শুরু হয়ে গেছে পানীয় জল দপ্তরের অ্যাপ তৈরির কাজও। দপ্তরভিত্তিক অ্যাপ তৈরি হলে দৈনন্দিন কাজের ওপর নজরদারির কাজ সহজ হবে। কারণ, প্রতিদিনের তথ্য আপলোড করতে হবে অ্যাপে।
মূলত বিভিন্ন দপ্তরের কর্মীরাই অ্যাপগুলিকে তৈরি এবং পরিচালনা করছেন। অফিসার, ইঞ্জিনিয়ার থেকে সাধারণ কর্মীরা কোথায়, কতদূরে রয়েছেন, সবই জানা যাবে অ্যাপে। স্বাস্থ্য দপ্তরের অ্যাপে থাকবে স্বাস্থ্যকেন্দ্রগুলির ম্যাপ আর ঠিকানা। পানীয় জল দপ্তরের অ্যাপে পাইপলাইনের রোড ম্যাপ তৈরি করে জিপিএসের মাধ্যমে চালানো হবে নজরদারি। দপ্তরের প্রধান অফিস থেকেই সব তথ্য জানা যাবে।
