কঙ্কনার হাত ধরে দর্শকদের সামনে ফিরে আসছেন মিস শেফালি

ওয়েব প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন কঙ্কনা সেনশর্মা

সাবলীল অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা পরিচালক হিসেবেও কৃতিত্বের ছাপ রেখেছিলেন ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ ছবিতে। অন্যরকম চিত্রনাট্য, গল্প বলার অভিনব কৌশল মুগ্ধ করেছিল সিনেমাপ্রেমী মানুষদের, তারিফ করেছিলেন সমালোচকরা। অপর্ণাকন্যা এবার পরিচালনা করতে চলেছেন নতুন ওয়েব সিরিজ, যার মাধ্যমে দর্শকরা আবার ‘কুইন অফ ক্যাবারে’ মিস শেফালির মুখোমুখি হতে পারবেন।

দেশভাগের সময়ে উদ্বাস্তু হয়ে পূর্ববঙ্গ থেকে কলকাতা এসেছিলেন আরতি দাস। পরবর্তীকালে তিনিই হয়ে উঠেছিলেন ‘মিস শেফালি’। গ্রাসাচ্ছাদনের জন্য মাত্র ১৩ বছর বয়সে ফারপোজ হোটেলে প্রথম ক্যাবারে নাচেন তিনি। অভিনেতা তরুণকুমারের সাহায্যে মঞ্চে অভিনয় শুরু করেন। তারপর ‘চৌরঙ্গী’, ‘সম্রাট সুন্দরী’, ‘সাহেব বিবি অউর গুলাম’ ছবিতে অভিনয়ের সুযোগ পান। সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ও ‘সীমাবদ্ধ’ ছবিতেও তিনি অভিনয় করেছেন। 

সেই মিস শেফালির জীবনকাহিনি নিয়েই তৈরি হবে কঙ্কনার পরিচালিত প্রথম ওয়েবসিরিজ। দেশভাগ ও স্বাধীনতার ঠিক পরে কলকাতা তথা পশ্চিমবঙ্গের সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, তাও উঠে আসবে সেখানে। সিরিজটি প্রযোজনা করবে জি স্টুডিও। শেফালির ভূমিকায় কে অভিনয় করবেন, তা অবশ্য জানা যায়নি এখনও। 
 

Developed by DXDasia