
আগামী ৩ জুন মিরিকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মিরিক পুরসভায় জয়ী হয়ে পাহাড়ে খাতা খুলেছে তৃণমূল। ৯টি আসনের মধ্যে ৬টিই এখন রাজ্যের শাসকদলের দখলে। সোমবার, মিরিকে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। শপথগ্রহণের পর পুরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাই জানান, মিরিককে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই তাঁদের প্রধান লক্ষ্য। পাশাপাশি, রাস্তাঘাটের উন্নতি, পানীয় জলের সমস্যার সমাধানের দিকেও নজর রয়েছে তাঁদের।
৩ জুন মিরিকে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তাঁর কাছে মিরিকের সৌন্দর্যায়ণের জন্য কিছু প্রস্তাব রাখা হবে। স্থানীয় তৃণমূল নেতা বিন্নি শর্মার আশা, মুখ্যমন্ত্রী এবার আরও যত্নশীল হবেন মিরিকের প্রতি। পর্যটকরা যাতে মিরিকের এসে দু-চারদিন থাকতে পারেন, সেই পরিকাঠামোও তৈরি করতে চাইছেন তাঁরা।
রাজনৈতিক মহলের মতে, মিরিক থেকেই বাকি পাহাড় এলাকায় বিস্তারের দিকে নজর দেবে তৃণমূল। মিরিকের মানুষ যে গোর্খাল্যান্ডের দাবিকে বেশি গুরুত্ব না দিয়ে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, তা ভোটের ফল থেকেই পরিষ্কার। সোমবার শপথগ্রহণের সময়ও স্থানীয় মানুষজন ‘উই ওয়ান্ট ডেভেলপমেন্ট’ বলে শ্লোগান দিতে থাকেন।
