অভ্রের পাতে আঁকা ছবি, উনিশ শতকের অমূল্য চিত্ররীতি আজ থেকে ভিক্টোরিয়ায়

লিংকে ক্লিক করে জানুন আজ কোথায় কী

অবনী রাই-এর ভূপাল বিষয়ক ফটোগ্রাফি প্রদর্শনীতে আজ উপস্থিত থাকবেন প্রখ্যাত ফটোগ্রাফার রঘু রাই। আজ সন্ধেতে ‘চার্বাক’-এর নতুন নাটক। উনবিংশ শতাব্দীর বিখ্যাত পেইন্টিং দেখা যাবে ভিক্টোরিয়ায়। আজ সারাদিন কী কী অপেক্ষা করছে জানেন? 


 
•    উনিশ শতকের শুরুতে ভারতের নানা প্রান্তে এক নতুন চিত্ররীতির সূচনা হয়। পাতলা অভ্রের পাতের ওপর সেই ছবিগুলো আঁকা হত। ছবির এরকম শৈলী আগে কখনও দেখা যায়নি। এইসব ছবি আঁকতে ব্যবহার হত ইংলিশ জলরং, যা মেশানো হত আরবি আঠার মতো কিছু আঠালো পদার্থের সঙ্গে। এগুলো ছিল ভারতীয়দের আঁকা নিজস্ব চিত্ররীতি, যদিও বেশিরভাগ ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন ব্রিটিশরা। তৎকালীন ভারতের জীবনযাত্রাকে চোখের সামনে ফুটিয়ে তুলেছে এই ছবিগুলো, হয়তো বা এগুলোই উনিশ শতকের ভারতের সবচেয়ে বেশি ছড়িয়ে থাকা চাক্ষুস নথি। কিন্তু, ছবি আঁকার মাধ্যম হিসেবে কাগজের বদলে অভ্র কেন ব্যবহার করা হত? কেনই বা এই নতুন চিত্ররীতির জন্ম হল, যা কিনা আগের থেকে সম্পূর্ণ আলাদা? কীভাবেই বা লুপ্ত হয়ে গেল এই ধারা? এইসব প্রশ্নের উত্তর এবং এর সঙ্গে সম্পর্কিত আরও নানা বিষয় তুলে ধরা হবে বক্তৃতায়, সঙ্গে থাকবে প্রয়োজনীয় নিদর্শন। বক্তব্য রাখবেন গবেষক শ্রীদেবী নাইয়ার পাল। আজ বিকেল ৫-৩০টা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কনফারেন্স হলে। 
 
•    ক্যালকাটা স্কুল অফ কনটেম্পোরারি ফটোগ্রাফি আয়োজন করেছে থার্ড অ্যানোয়াল স্টুডেন্টস এক্সজিবিশন। যেখানে প্রদর্শিত হবে প্রখ্যাত ফটোগ্রাফার অবনী রাই-এর গুরুত্বপূর্ণ কাজ ‘ভূপাল – সমসাময়িক ট্র্যাজেডি’ (Bhopal – An Ongoing Tragedy)। মূলত তরুণ ফটোগ্রাফারদের জন্য আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। আজ এখানে উপস্থিত থাকবেন প্রখ্যাত রঘু রাই, রফিক সাঈদ এবং রোহিত বোহ্‌রা। আজ থেকে প্রদর্শনী শুরু হচ্ছে, চলবে ১৫ মার্চ পর্যন্ত (৩টে থেকে ৮টা), বিড়লা আকাদেমিতে।
 
•    সংস্কৃত ভাষায় রচিত কালিদাসের ‘মেঘদূত’ কাব্যের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন প্রবাদপ্রতিম দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থ প্রকাশকালে দ্বিজেন্দ্রনাথের বয়স ছিল কুড়ি বছর। দুটি ভিন্ন বাংলা ছন্দশৈলী ব্যবহার করেছিলেন এখানে। গ্রন্থটি বাংলা কাব্যের এক দিক-নির্দেশকও বটে। আজ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। অন্যদিকে একালের জনপ্রিয় কথা-সাহিত্যিক বাণী বসুর আজ ৮১তম জন্মদিন। আশির দশকের শুরু থেকে একের পর এক সাড়াজাগানো উপন্যাস ও ছোটো গল্প লিখেছেন তিনি। তাঁর লেখা জনপ্রিয় উপন্যাসগুলির মধ্যে অন্যতম ‘অষ্টম গর্ভ’, ‘মৈত্রয় জাতক’, ‘অশ্বযোনি’, ‘মেয়েলি আড্ডার হালচাল’ ইত্যাদি। 
 
•    কলকাতার অন্যতম পুরোনো থিয়েটার গ্রুপ চার্বাক। তাদের নতুন প্রযোজনা ‘ভীতি ও শুভেচ্ছা’ মঞ্চস্থ হবে আজ সন্ধে ৬-৩০টায়, আকাদেমি অফ ফাইন আর্টসে। নাটক ও নির্দেশনায় খেয়ালী দস্তিদার। অভিনয়ে সব্যসাচী চক্রবর্তী, অরিন্দম গাঙ্গুলি এবং খেয়ালী দস্তিদার। 
 
•    আপনি চারকোল আর প্যাস্টেলের সাহায্যে ছবি আঁকতে চান নতুনভাবে? তাহলে আজই চলে যান কলকাতার হিন্দুস্তান পার্কের আর্ট রিক্সাতে। সেখানে আপনার জন্য অপেক্ষা করছেন শিল্পী প্রণব রায়। মাথাপিছু খরচ ৭০০ টাকা। আজ বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা অবধি এই শিল্পকলা চলবে।

Developed by DXDasia