এই মাটি সবার – ভারত-বাংলাদেশ ম্যাচে সম্মিলনের আশ্চর্য বার্তা দিল যুবভারতীর গ্যালারি

ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং-এর আলিঙ্গন

সে এক জাদু-রাত। ফুটবলের ময়দানে বাজছে একই কবির লেখা দুই দেশের জাতীয় সংগীত। বাংলা ভাষার সেই গান দু’টি যখন বাংলার মাটিতেই বেজে উঠছে, তাতে গলা মেলাচ্ছেন গ্যালারির ৬৩ হাজার দর্শক। 

গতকাল ভারত-বাংলাদেশ ম্যাচে যুবভারতী কানায় কানায় ভর্তি। খেলা শুরু আগে দু’নম্বর গেটের দিকে গ্যালারিতে দেখা গেল বিশাল এক টিফো। কাপড়ের সেই দানবীয় ব্যানারে ছিল সবুজ-মেরুন, লাল-হলুদ এবং সাদা-কালো জার্সি গায়ে তিন খেলোয়াড়ের ছবি। পিছন থেকে দেখা যাচ্ছে তিন জনেই পরস্পরের কাঁধে হাত দিয়ে আলিঙ্গন করছেন। বার্তাটা খুবই স্পষ্ট – জাতীয় দলের খেলায় ক্লাবে ক্লাবে কোনো বিরোধ নয় –  ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং – সবাই এখানে কাঁধে কাঁধ মিলিয়ে মিশে গেছে। এ মাটি সবার।

২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাই ম্যাচ এটি। তাই, বাড়তি গুরুত্ব রয়েছে এই ম্যাচের। ফুটবল বিশ্বকাপের মূল পর্বে ভারত খেলতে যাবে, সেই স্বপ্নে বিভোর ম্যাচের দর্শকরাও। গ্যাল্যারিতে একটি ব্যানারে ওই স্বপ্নকে আরও উস্কে দেওয়া হয়েছিল। গোটা ম্যাচ জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই করে এক পয়েন্ট কেড়ে নেয় বাংলাদেশ, তবুও, ড্র এই ম্যাচে শেষ পর্যন্ত জয় হল ফুটবলেরই। 
 

Developed by DXDasia