
যে সিঁড়ি দিয়ে উঠেছিলেন বিনয় বাদলরা, তা সংরক্ষণ করা হবে
জেলে স্বাধীনতা সংগ্রামীদের উপর অমানুষিক অত্যাচারের প্রতিবাদে আই জি কারা এন এস সিম্পসনকে শাস্তি দিতে ১৯৩০ সালের ৮ ডিসেম্বর যে সিঁড়ি দিয়ে তিন বাঙালি যুবক মহাকরণের দোতলায় ঢুকেছিলেন, সেই সিঁড়ি সংরক্ষণ করা হবে। ১৮ বছরের বাদল গুপ্ত, ২০ বছরের দীনেশ গুপ্ত এবং ২২ বছরের বিনয় বসু সেদিন মহাকরণের যে কাঠের সিঁড়িটি দিয়ে উঠেছিলেন, মহাকরণ নতুন করে সংস্কার করা হলেও, ওই সিঁড়িটি রেখে দেওয়া হবে, ইতিহাসের এবং বাঙালি তরুণদের সাহসের সাক্ষী হিসেবে। রাজ্য পূর্ত দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে। ১৯৮০ সালে তৎকালীন পূর্তমন্ত্রী প্রয়াত যতীন চক্রবর্তীর উদ্যোগে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মহাকরণের দোতলায় একটি স্মৃতিফলক এই বিপ্লবীদের নামে নামে উৎসর্গ করেন। এই স্মৃতিফলকটি রয়েছে মহাকরণের দোতলায়। আর ওই বাঙালির ‘তীর্থ-তুল্য’ সিঁড়িটি রয়েছে মহাকরণের রিজার্ভ ব্যাঙ্কের দিকের একতলায়।
