নবনীতার স্মরণসভা রবীন্দ্র সদনে, উপস্থিত থাকুন আপনিও

বাংলার মনন ও সৃজনের জগতে নবনীতা দেবসেন যেন একটি যুগ

নবনীতা দেবসেনের প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য ও সংস্কৃতি জগৎ। তাঁর স্মৃতিতর্পণ করতে বন্ধু-স্বজনেরা মিলিত হবেন রবীন্দ্র সদনে।

আগামী ২০ নভেম্বর, বুধবার, রবীন্দ্র সদনে বিকেল ৫টায় এই কিংবদন্তি সাহিত্যিক-অধ্যাপক-গবেষকের স্মরণসভা। নবনীতাকে যারা ভালোবাসেন, তারা সবাই সেখানে উপস্থিত থাকুন, এরকমই চান নবনীতার বন্ধু ও পরিজনরা। 

নবনীতার ব্যক্তিগত বন্ধু ও আত্মীয়রা আগামী ১৭ নভেম্বর, রবিবার, ‘ভালোবাসা’-য় মিলিত হবেন। হিন্দুস্তান পার্কে এই ‘ভালোবাসা’ বাড়িটি তৈরি করেছিলেন নবনীতার বাবা সাহিত্যিক নরেন্দ্র দেব।

প্রথম কবিতার বই ‘প্রথম প্রত্যয়’-তেই নবনীতা মুগ্ধ করেছিলেন বাংলা সাহিত্যের পাঠকদের। প্রথম উপন্যাস ‘আমি অনুপম’। বহু কালজয়ী রচনার স্রষ্টা তিনি। তাঁর কবিতা, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি, রম্যরচনার সাবলীল গতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। ১৯৯৯ সালে ‘নটী নবনীতা’ বইটির জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন তিনি। ২০০০ সালে নবনীতা পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।

এক সময়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন তিনি। দীর্ঘ সময় ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। মানবী আন্দোলনেও নতুন পথের দিশারী ছিলেন নবনীতা। বাংলার মনন ও সৃজনের জগতে নবনীতা দেবসেন যেন একটি যুগ। 

 

Developed by DXDasia