
নেপালে ২৫৩.৩ স্কোর করে সোনা মেহুলির
এই বছরের শুরুতেই বিশ্বকাপ শ্যুটিং-এ ভালো ফল হয়নি। ভেঙে পড়েছিলেন মেহুলি ঘোষ। প্রশিক্ষক জয়দীপ কর্মকার তাঁকে চাঙ্গা করেছিলেন অলিম্পিক্সের স্বপ্ন দেখিয়ে। সেই স্বপ্নে ভর করেই ঘুরে দাঁড়ালেন মেহুলি। নেপালের সাউথ এশিয়ান গেমসে জিতে নিলেন সোনার পদক। সবচেয়ে বড়ো কথা, সেই সোনা এল বিশ্বরেকর্ডের বিনিময়ে। ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে ২৫৩.৩ স্কোর করে সোনা জিতেছেন মেহুলি। এতদিন এই ইভেন্টে বিশ্বরেকর্ড ছিল ২৫২.৯। অতএব, সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন মেহুলি।
এর আগে কমনওয়েলথ গেমসে রুপো ফেলে হইচই ফেলে দিয়েছিলেন মেহুলি। যুব অলিম্পিক্সেও পদ পেয়েছেন। কালকের এই পারফরমেন্স ফের জাগিয়ে তুলেছে অলিম্পিক্সে পদক-জয়ের স্বপ্ন। সাউথ এশিয়ান গেমসের রেকর্ড ‘বিশ্বরেকর্ড’ হিসেবে নথিবদ্ধ থাকে না। কিন্তু গেমস-রেকর্ড হিসেবে তা ইতিমধ্যেই স্বীকৃতি পেয়ে গেছে। এখন মেহুলির লক্ষ টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র জোগাড় করা। সামনের বছর মার্চে নয়াদিল্লিতে ফের বসবে শ্যুটিং বিশ্বকাপের আসর। সেখানে ভালো ফল করলে মেহুলির টোকিও যাওয়ার টিকিট নিশ্চিত হয়ে যাবে। তার আগে কাঠমান্ডু থেকে পাওয়া এই সোনা যে তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে, সন্দেহ নেই।
ছবিসূত্র: ফেসবুক
