স্বাস্থ্য-সাফাইকর্মীদের জন্য অনুদান দিলেন করোনা থেকে সুস্থ হওয়া এক কলকাতাবাসী

মনের জোরে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে অবশেষে তিনি সুস্থ হয়েছেন

করোনা ভাইরাস আক্রমণ করেছিল তাঁর শরীরে। মনের জোরে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সুস্থ হয়েছেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে স্বাস্থ্য ও সাফাইকর্মীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সল্টলেকের এই বাসিন্দা। 

তিনি সল্টলেকের প্রথম করোনা আক্রান্ত। যখন এই ভাইরাস শরীরে থাবা বসায়, বুঝতে পারেননি যে তিনি কোভিড-১৯ এর কবলে পড়েছেন। উপসর্গগুলি ফুটে উঠতে হাসপাতালে যান। সেখানেই তাঁর দেহে ধরা পড়ে করোনা। তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সম্প্রতি। তারপরেই যোগাযোগ করেন স্থানীয় কাউন্সিলার অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে। জানান, ওয়ার্ডের স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী এবং দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে চান। সেই উদ্দেশ্য পূরণের জন্য কাউন্সিলারের হাতে তুলে দিলেন ১১০০১ টাকা অনুদান। স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী ও দুঃস্থ মানুষদের খাদ্যসামগ্রী প্রদান করা হবে ওই অর্থ দিয়ে। 

করোনা থেকে সুস্থ হয়ে ফিরে মানুষের পাশে দাঁড়ানোর এই নজির অনন্য বলেই মনে করছেন সকলে। 

(ছবি-প্রতীকী) 
 

Developed by DXDasia