
এই রোবটগুলি সহজেই ম্যানহোলের ভিতরে ঢুকে কাজ করতে সক্ষম
কলকাতায় ম্যানহোলের আবর্জনা পরিষ্কার করতে আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নামানো হয় না। সাহায্য নেওয়া হয় আধুনিক যন্ত্রপাতির। কিন্তু সরু ঘিঞ্জি রাস্তায় সেইসব যন্ত্র নিয়ে ঢুকতে সমস্যা হয়। বড়ো কাজ না হলে খরচেও পোষায় না। বাধ্য হয়ে লোক নামানো ছাড়া গতি থাকে না তখন। মুশকিল আসান করতে এবার ম্যানহোল পরিষ্কার করতে রোবট ব্যবহার করার পরিকল্পনা নিচ্ছে কলকাতা পুরসভা।
ম্যানহোল সাফাই করতে পুরসভার আছে ম্যানহোল ডিসিল্টিং মেশিন এবং জেটিং কাম সাকশন মেশিন। এই যন্ত্রগুলি গাড়ির সঙ্গে লাগানো থাকে। গাড়ি নিয়ে সরু জায়গায় ঢোকা মুশকিল। এক্ষেত্রে অত্যাধুনিক রোবট খুব কার্যকরী। কেরলে রোবট দিয়ে ম্যানহোল পরিষ্কার করিয়ে সাফল্য পাওয়া গেছে আগেই। অদূর ভবিষ্যতে কলকাতা পুরসভার নিকাশি বিভাগও এই রোবট ব্যবহার করতে চায়।
ইতিমধ্যে দেশের একটি স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের শিক্ষক ও পড়ুয়াদের এক টিম কলকাতার পুরকর্তাদের সামনে এই রোবট স্ক্যাভেঞ্জারদের কেরামতি দেখিয়েছে। পুর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে দু’টি ধাপে ১০টি এই ধরনের রোবট কিনবে বলে ঠিক করেছে। পরে আরও রোবট আনানো হবে। তখন মহানগরের ম্যানহোলগুলি সাফাই করতে কোনোভাবেই মানুষ নামানোর প্রয়োজন হবে না।
