কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে সরণি, সিদ্ধান্ত কলকাতা পুরসভার

ম্যান্ডেলিনা গার্ডেন্সের নাম হতে চলেছে ‘সুনীল গঙ্গোপাধ্যায় সরণি’

দক্ষিণ কলকাতার ম্যান্ডেলিনা গার্ডেন্স, যেখানে বহু বছর থেকেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। এই রাস্তায় পাশেই বহুতল ‘পারিজাত’। এই বাড়িতে বসেই সুনীল লিখেছিলেন একের পর এক উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ। কত কত লেখক, কবি, সম্পাদক এসেছেন এই বাড়িতে। আড্ডা সহযোগে চলেছে সাহিত্য বিষয়ক আলোচনা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, রমাপদ চৌধুরী, জয় গোস্বামী, অমর মিত্রেরা ঘণ্টার পর ঘণ্টা গল্প করেছেন সুনীলের সঙ্গে। এবার কলকাতা পুরসভার নয়া সিদ্ধান্ত। ম্যান্ডেলিনা গার্ডেন্সের নাম হতে চলেছে ‘সুনীল গঙ্গোপাধ্যায় সরণি’।

বাংলা সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের অবদান অপরিসীম। সেই অবদানকে স্মরণীয় করে রাখতে ম্যান্ডেভিলা গার্ডেন্সের নাম সুনীল গঙ্গোপাধ্যায় সরণি করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অত্যন্ত আনন্দের। লেখালেখির সঙ্গে জড়িত প্রত্যেকেই ম্যান্ডেলিনা গার্ডেন্সের নাম শুনেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের মাধ্যমেই। রাস্তার নতুন নামকরণ হওয়ায় যারা বাংলা সাহিত্যের সঙ্গে পরিচিত নয়, তারাও সুনীল গঙ্গোপাধ্যায় নামটা উচ্চারণ করবেন। সাধারণত রাস্তার নামকরণ হয় রাজনীতিবিদদের নামে। সেই জায়গায় একজন সাহিত্যিকের নামে রাস্তার নামকরণ হলে নতুন প্রজন্মের সঙ্গে সাহিত্যের পরিচয় ঘটে। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তে খুশি কলকাতাবাসী।

Developed by DXDasia