
স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এলেন শিক্ষকরা
শিক্ষক দিবসে শিক্ষকদের জন্য বড় উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিক্ষক, পার্শ্বশিক্ষক–সহ সমস্ত অশিক্ষক কর্মচারীদেরও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনল রাজ্য সরকার ৷ এর ফলে উপকৃত হবেন রাজ্যের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা৷ ইতিমধ্যেই রাজ্যের প্রায় সাড়ে ৫৫ লক্ষ মানুষ এই প্রকল্পের অধীনে রয়েছেন৷ মঙ্গলবার রাজ্যের সমস্ত শিক্ষক, অশিক্ষক, পার্শ্বশিক্ষকদের মিলিয়ে আরও সাড়ে চার লক্ষ শিক্ষক ও অন্যান্যদের এই প্রকল্পের আওতায় আনল রাজ্য সরকার।
শিক্ষক দিবস উপলক্ষে এদিন নজরুল মঞ্চের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষাগুরুরা চিরদিন বেঁচে থাকেন৷ তিনি বলেন ইংরেজির পাশাপাশি বাংলাও শিখতে হবে৷ মাতৃভাষা শিখতে হবে আর গুরুত্ব দিতে হবে অন্য ভাষাকেও৷ রাজ্যের ছাত্ররা ভাল করে ইংরেজিও শিখুক।’
মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকরাই পিতৃগুরু, মাতৃগুরু ও শিক্ষাগুরু৷ তাঁদের সম্মান করতেই হবে৷
