মমতা বললেন রামের অর্থ শুভ। অশুভ শক্তিকে বধ করার জন্য রামকে দাঙ্গা করতে হয়নি। কুৎসা করতে হয়নি

বিজেপির প্রধান আইকন রামকে ছিনিয়ে নিতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে বিপুল জয়ের পর, বাংলায় সংগঠন বাড়াতে ঝাঁপিয়ে পড়তে চলেছে বিজেপি। চলতি মাসেই দলের বেশ কয়েক জন শীর্ষনেতা এই রাজ্য আসছেন সংগঠন মজবুত করার বিশেষ দায়িত্ব নিয়ে। এই অবস্থায়, সোমবার জঙ্গলমহলের বড় অংশ সহ ঝাড়গ্রামকে নতুন জেলা ঘোষণা করে মমতা বললেন, রাম ন্যায়ের প্রতীক। রামের অর্থ শুভ। রাবণ অর্থাৎ অশুভ শক্তিকে বধ করেছিলেন রাম। কিন্তু এই অশুভ শক্তিকে বধ করার জন্য রামকে দাঙ্গা করতে হয়নি। কুৎসা করতে হয়নি। মঙ্গলবার রামনবমী। তার প্রাক্কালে জনসভায় বিজেপির নাম না করে এই ভাবে রামের উল্লেখ রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ। জেলা ঘোষণা করেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার উন্নয়নে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। এছাড়াও এদিনের সভায় তাঁর আর একটি বড় ঘোষণা, সিভিক ভলান্টিয়ার এবং আশা কর্মীরা সবাই টানা ৬০ বছর পর্যন্ত কাজ করে যেতে পারবেন।

Developed by DXDasia