‘জাগো’ – নারী উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন স্বনির্ভর প্রকল্প

১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০ টাকা করে অনুদান দেওয়া হবে ‘জাগো’ প্রকল্পে

কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজসাথী ও রূপশ্রীর পর পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প ‘জাগো’। রাজ্যের আরও বেশি সংখ্যক মহিলাকে স্বনির্ভর করে তুলতে আরেকটি নতুন প্রকল্প। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জাগো’ প্রকল্পের মাধ্যমে প্রায় এক কোটি মহিলা উপকৃত হবেন। তার জন্য ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই নারী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী এবং সবুজসাথীর মতো প্রকল্প আজ আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। সেই পদক্ষেপ আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে নয়া ‘জাগো’ প্রকল্পের মাধ্যমে। গত ২৯ নভেম্বর, শুক্রবার কলকাতার সেন্ট্রাল পার্কে এই প্রকল্পের শুভ সূচনা হল। নারীর উন্নয়নের পথে নতুন আশার আলো হয়ে রইল ‘জাগো’।

১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০ টাকা করে অনুদান দেওয়া হবে ‘জাগো’ প্রকল্পে। স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাঁদের জন্য বরাদ্দ টাকার অঙ্কও বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফে। ২০১১ সালে যা ছিল ৫৫৩ কোটি টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭০০০ কোটি টাকা। এই বাড়তি টাকায় আরও বহু মহিলা স্বনির্ভরতার রাস্তা খুঁজে পাবে বলে মনে করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ‘জাগো’ প্রকল্পের সুবিধাগুলি – 
১। যোগ্য নথিভুক্ত স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে।
২। কোনও আবেদন করতে হবে না।
৩। অনুদানের অবস্থা জানার জন্য ৭৭৭৩০০৩০০৩ নম্বরে মিসড কল করুন বা ‘JAAGO’ লিখে মেসেজ করুন। 

গত ৮ বছরের সাফল্যের খতিয়ান হিসাবে জানানো হয়েছে – 
১। স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ২.৫০ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে।
২। স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সংখ্যা ২.৫০ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে।
৩। নগদ অগ্রিম টাকা ১১ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে।

‘জাগো’ প্রকল্পের জন্য মহিলাদের কাজের সুযোগ অনেকাংশে বাড়বে। সর্বোপরি প্রত্যন্ত গ্রামের মহিলারা উপকৃত হবেন বলে মনে করছেন সমাজের একাংশ।

Developed by DXDasia