
পুজোর আগেই উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ হবে
সোমবার বিকেলে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পাওয়ার আগেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই পুজোর আগে শিক্ষক নিয়োগ সেরে ফেলার কথা ঘোষণা করেন তিনি।
পুজোর আগে ও পরে রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘পুজোর আগেই উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। প্রাথমিকে করা হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। পুজোর পর আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করব আমরা।’’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘‘আদালতে মামলা চলছিল বলেই আটকে ছিল নিয়োগপ্রক্রিয়া। কারও কাছে লবি করার দরকার নেই। মেধার ভিত্তিতে স্কুলে স্কুলে নিয়োগ করব আমরা।’’
