
জল পুনর্ব্যবহারের ব্যবস্থা গোটা দেশে এই প্রথম
দেশের অর্ধেকের বেশি অংশ পড়েছে খরার কবলে। জলশূন্য হয়ে গেছে চেন্নাই। দেশের ২১টি শহরেও ভূগর্ভস্থ জল শেষ হতে চলেছে। এহেন অবস্থায় দৈনিক ৫০ হাজার লিটার জল বাঁচিয়ে দৃষ্টান্ত তৈরি করছে মালদা টাউন স্টেশন। আর এই গোটা ঘটনাটাই সম্ভব হয়েছে জলের অপচয় বন্ধ করে।
মালদা টাউন স্টেশনের লন্ড্রিতে প্রতিদিন কাচা হয় ট্রেনে ব্যবহৃত কাপড়-চাদর-তোয়ালে। এর জন্য বিপুল পরিমাণ জলের প্রয়োজন হয়। সেই জল এতদিন নর্দমা দিয়ে বেরিয়ে যেত। এখন সেই সেই জলই বিশেষ পদ্ধতিতে পরিশোধন করে ব্যবহার করা হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম ও শৌচালয় পরিষ্কারের কাজে। এর ফলে, একই পরিমাণ জলে দুটি কাজ সারা যাচ্ছে। প্রতিদিন বেঁচে যাচ্ছে প্রায় ৫০ হাজার লিটার জল।
মালদা রেল আধিকারিকরা বলছেন, জল পরিশোধন করে পুনর্ব্যবহারের এই ব্যবস্থা সম্ভবত গোটা দেশেই এই প্রথম। এর পাশাপাশি ভবিষ্যতে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থাও হচ্ছে মালদা টাউন স্টেশনে। রাজ্য তো বটেই দেশের সমস্ত বড়ো স্টেশনেই এমন ব্যবস্থা গড়ে উঠুক—পথ দেখাচ্ছে বাংলার মালদা টাউন স্টেশন।
