জুনেই বিদেশ পাড়ি দেবে মালদহের আম

ইংল্যান্ড, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইটালি এবং ফ্রান্সে যাচ্ছে আম

আগামী জুন মাসেই বিদেশে পাড়ি দিচ্ছে মালদহের আম। এর আগেও মালদহের আমের রমরমা ছিল বিশ্বজুড়ে। এই বছর সেই আম বিশ্বের আরও অনেক দেশে ছড়িয়ে পড়বে। ইংল্যান্ড, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইটালি এবং ফ্রান্সে যাচ্ছে আম। ইতিমধ্যেই, দিল্লি ও কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি রপ্তানিকারক সংস্থা মালদহ ও মুর্শিদাবাদের আম বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছে। জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বছর মালদহের আমবাগান থেকে আম তোলা শুরু হতে আরও প্রায় কয়েক সপ্তাহ সময় লাগবে। সাম্প্রতিক কালবৈশাখী ও শিলাবৃষ্টির দাপটে মালদহের আমের কিছুটা ক্ষতি হলেও ফলন নিয়ে তেমন সংশয় নেই। কারণ চাষিরা মনে করছেন, ২০১৯ সাল ভালো আম ফলনের বছর।

আমের ফলন বাড়ানোর জন্য কৃষকরা এবার কোনওরকম রাসায়নিক ব্যবহার করেননি। ফলে বিদেশে রপ্তানির ক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না। মালদহে প্যাকেজিংয়েরও ব্যবস্থা রয়েছে। এয়ারকন্ডিশন কন্টেনারের মাধ্যমে বিমানবন্দর অবধি পৌঁছে দেওয়া হবে সমস্ত আম। জুন মাসের শুরু থেকেই আম পৌঁছে যাবে বিলেতে। তাতে চাষিরাও উপকৃত হবেন।

Developed by DXDasia