
নিপীড়ন বন্ধ করুন, সুচির প্রতি আবেদন মালালার
মিয়ানমারের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বন্ধ করে তাদের নাগরিকত্ব প্রদানের আহ্বান জানিয়েছেন বিশ্বের কনিষ্ঠতম শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনাকে নিন্দা জানাতে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী অংসান সুচির প্রতি এই আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম টুইটারে রোহিঙ্গা ইস্যুতে প্রচারিত এক বিবৃতে এ আহ্বান জানান মালালা।
মালালা লিখেছেন, যখনই আমি মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের দুর্দশার খবর দেখি, তখন আমি মুষড়ে পড়ি।মালালা বলেন, গত কয়েক বছর ধরে আমি বারবার রোহিঙ্গাদের বিরুদ্ধে অমানবিক ও লজ্জাজনক আচরণের নিন্দা জানিয়ে আসছি।
মালালা বলেন, আজ আমরা এমন সব ছবি দেখছি, যাতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে ছোট ছোট শিশুদের হত্যা করতে দেখা যাচ্ছে। এসব শিশুরা কারও উপর হামলা করেনি, অথচ এখনও রাখাইনে তাদের ঘরে আগুন জ্বলছে।
রোহিঙ্গা শিশুদের মিয়ানমারের নাগরিকত্ব না দেয়ার বিষয়ে প্রশ্ন রাখেন মালালা। তিনি বলেন, যদি মিয়ানমার তাদের দেশ না হয়, তাহলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা কোথায় বসবাস করছে, তাহলে তাদের দেশ কোনটা? রোহিঙ্গাদের সেই মিয়ানমারের নাগরিকত্ব দেয়া উচিত, যে দেশে তাদের জন্ম।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ভোররাত থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সীমান্তরক্ষী পুলিশের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সংঘাত শুরু হয়।
এরপর থেকে গত ১০ দিনে অন্তত চারশ’ নিহত হয়। এছাড়া প্রাণ বাঁচাতে অন্তত ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গ্রামগুলোতে মিয়ানমারের সেনাবাহিনী তাণ্ডব চালাতে গিয়ে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। রোহিঙ্গা শিশুদের জীবন্ত ছুড়ে মারছে এমন অভিযোগও উঠেছে।
