
উদ্যোগ নিয়েছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কলকাতা জুড়ে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে কত পুরোনো মন্দির, বাড়ি এবং সৌধ। উপযুক্ত পরিকাঠামোর অভাবে সেগুলো ধীরে ধীরে এগিয়ে চলেছে ধ্বংসের পথে। কলকাতার এইসব পুরোনো ঐতিহ্যকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এবার উদ্যোগ নিল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)। হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করে চলবে সংরক্ষণের কাজ।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালির মতো দেশগুলোতে ইতিমধ্যেই প্রযুক্তিকে ব্যবহার করে পুরোনো ঐতিহ্যকে সংরক্ষণের কাজ শুরু হয়েছে। ভারত তথা পশ্চিমবঙ্গে ম্যাকাউট-ই প্রথম এই ধরনের উদ্যোগ নিল। হেরিটেজ কমিশনের তরফ থেকে ৩,৫০০টি ঐতিহ্যবাহী জায়গা চিহ্নিত করা হয়েছে খাস কলকাতায়। যার মধ্যে ৫০০টি জায়গার অবিলম্বে সংস্কার প্রয়োজন। তার জন্য ম্যাকাউটে তৈরি করা হয়েছে হেরিটেজ সেল। স্থাপত্য এবং পুরাতত্ত্বের বিশেষজ্ঞরা থাকবেন সেখানে। আগামী শিক্ষাবর্ষ থেকে ম্যাকাউট এই বিষয়ে চালু করবে পাঠ্যক্রম। থাকবে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির ব্যবস্থা। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে সংরক্ষণের ব্যবস্থা করলে কলকাতার পর্যটন শিল্প আরও উন্নত হবে বলে মনে করছেন শহরের অধিবাসীরা। এর সঙ্গে বাংলার ঐতিহ্যকে পৃথিবীর সামনে তুলে ধরারও সুযোগ তৈরি হবে নতুন করে।
হেরিটেজ সংরক্ষণ করতে ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। থ্রিডি ভার্চুয়াল ইমেজ তৈরি করে কেমিক্যাল ট্রিটমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, সিভিজ ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারের মাধ্যমে সংস্কারের কাজ চলবে।
