
মহারাষ্ট্রের সপ্তম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখন থেকেবেশি করে পড়বে শিবাজী মহারাজের কাহিনীই
কিছুদিন আগেই ‘মুঘলসরাই’ স্টেশনের নাম বদলে দীনদয়াল উপাধ্যায়ের নামে করার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। এবার, বিজেপি-শাসিত মহারাষ্ট্রের স্কুলের পাঠ্যবই থেকে মুছে দেওয়া হল মুঘল ইতিহাসের অনেকটাই। ওই রাজ্যের সপ্তম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখন থেকে মুঘল ইতিহাসের বদলে মারাঠা বীর শিবাজী মহারাজের কাহিনীই বেশি করে পড়বে। বিরোধীরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলেও, এর মধ্যে অন্যায়ের কিছু দেখছে না বিজেপি। বরং তাদের মতে, ভারতে মুঘল শাসনেরও আগেকার যে ‘গৌরবের ইতিহাস’, সেটার ওপরই জোর দেওয়া হয়েছে। শিবাজীর বীরগাথার পাশাপাশি, যোগ করা হয়েছে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাম কংগ্রেস জমানার বফর্স কেলেঙ্কারির প্রসঙ্গও।
কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের কথায়, ‘আফশোস এখানেই – মুঘলসরাই স্টেশন ভারতের ইতিহাসের একটা অংশ – কিন্তু এখন এরা বলার চেষ্টা করছেন মুসলিমরা আসলে ভারতীয়ই ছিলেন না। সেই আমলে আমরা ছিলাম গোলাম, আর সেই ইতিহাসই এরা পাল্টাতে চান। ভারতীয় মুসলিমদের বিজাতীয় প্রমাণ করার যে যুদ্ধে তাঁরা নেমেছেন, এগুলো তারই হাতিয়ার।’ অন্যদিকে, বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা সংবাদমাধ্যমকে জানান, ‘বাবর-আকবর-হুমায়ুন দেশ নয়। তারা আক্রমণকারী, বাইরে থেকে এসে এ দেশ শাসন করেছে। তো সেই মুঘল ইতিহাস বা ব্রিটিশ শাসনের পরাধীনতার ইতিহাস যদি পড়ানো হবে, মুঘলদের আগের ইতিহাস কেন পড়ানো হবে না? কেন শুধু আমরা গত সাতশো বছরেই আটকে থাকব?’
