
পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতির উদ্যোগ
ব্যতিক্রমী উপায়ে মানুষের সেবা করে বারবার খবরের শিরোনামে এসেছে মেমারির স্বেচ্ছাসেবী সংস্থা পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতি। হেলমেট পরে বাইক চালালে পেঁয়াজ উপহার দিয়েছেন গত বছর। এইভাবে ট্রাফিক সচেতনতার প্রচার করেছেন। কৃষি মেলায় প্লাস্টিকের বদলে পেঁয়াজ তুলে দিয়েছেন মানুষের হাতে। লকডাউনের সময়েও এই স্বেচ্ছাসেবী সংস্থা একটু অন্যরকমভাবে আম-মানুষের পাশে দাঁড়াল।
লকডাউন চলাকালীন প্রত্যেক দিন এলাকার গরিব লোকেদের কাছে চাল, ডাল, চিনি, তেলের মতো নিত্যপ্রয়োজনীয় খাবার পৌঁছে দিচ্ছে পল্লিমঙ্গল সমিতি। গ্রামে গ্রামে হ্যান্ড স্যানিটাইজারও বিলি করছেন তাঁরা। গত ৩১ মার্চ, মঙ্গলবার, এসবের পাশাপাশি বাড়ি বাড়ি বিতরণ করা হল লুডো, দাবার মতো ঘরে বসে খেলার সরঞ্জাম। “খান দান, ঘরে থাকুন, লুডো খেলুন, কিন্তু বাইরে বেরোবেন না” – এটিই তাঁদের বার্তা। লকডাউনের সময় পল্লিমঙ্গল সমিতির ভূমিকায় আপ্লুত মেমারি অঞ্চলের জনগণ।
