শিল্পনগরী হয়েও দূষণ রোধে নজির গড়ছে দুর্গাপুর

দুর্গাপুরের দূষণ মাত্রা চমকে দিয়েছে সবাইকে

পরিবেশ দূষণে এখন সারা পৃথিবী জেরবার। ইতিমধ্যেই দেশের রাজধানী দিল্লির দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। অন্যান্য বড়ো শহরগুলিতেও যেভাবে দূষণ বাড়ছে, তা চিন্তার ভাঁজ ফেলেছে সবারই কপালে। কিন্তু আশ্চর্য! শিল্পশহর দুর্গাপুরের দূষণমাত্রা সেই তুলনায় অনেক কম।

দেশের রাজধানী দিল্লির দূষণ প্রায় জরুরি অবস্থার সূচনা করেছে। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে আছে গোটা শহর। পশ্চিমবঙ্গে কলকাতা, হাওড়া, বর্ধমান, আসানসোলের দূষণও ক্রমাগত বাড়ছে। সম্প্রতি এই শহরগুলির দূষণমাত্রা ছাড়িয়ে গেছে দিল্লিকেও। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বিকেল ৩টে পর্যন্ত আসানসোলের গড় দূষণ মাত্রা ছিল ৩১৪, কলকাতার দূষণমাত্রাও ৩০০ ছাড়িয়ে গেছে। কিন্তু, দিল্লির আনন্দবিহারে গড় দূষণ মাত্রা ছিল ২৬৫।

সেই তুলনায় দেখা গেছে, দুর্গাপুরের বাতাসে দূষিত পদার্থের পরিমাণ অনেক কম। এয়ার কোয়ালিটি নামের একটি সংস্থার মাপকাঠিতে, দিল্লিতে যে সময়ে দূষণ মাত্রা ১৭৪, সেই সময়ে দুর্গাপুরে মাত্র ১৫। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেবে আসানসোলে গতকাল বায়ুদূষণের মাত্রা ছিল ৩৩৯, সেখানে দুর্গাপুরের মাত্র ১৯। শিল্পশহর হওয়া সত্ত্বেও দুর্গাপুরের এত কম দূষণের মাত্রা চমকে দিয়েছে সবাইকে। 
 

Developed by DXDasia