সোশ্যাল মিডিয়া ঘরে ফেরাল হারানো ছেলেকে

আট বছর পর পাওয়া গেল খোঁজ

সোশাল মিডিয়ার দৌলতে দীর্ঘদিন পর বাড়ি ফিরল নিখোঁজ ছেলে। আট বছর আগে চিকিৎসা চলাকালীন আচমকা হারিয়ে গিয়েছিল গৌতম নামের ছেলেটি। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ায় চিকিৎসা চলছিল তার। গৌতমের বাবা বনমালী মালিক আরামবাগ থানা ১৬ নম্বর ওয়ার্ডের চাদুর পাড়ার অধিবাসী, পেশায় দিনমজুর। তিনি, গৌতমের মা চণ্ডী মালি এবং বাড়ির অন্যান্য লোকেরা বছরের পর বছর ধরে গৌতমের খোঁজখবর করে কোনো সন্ধান না পাওয়ায় তাকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অবশেষে সোশ্যাল মিডিয়ায় একদিন একটি পোস্ট দেখে বাড়ির ছেলেকে চিনতে পারেন পরিবারের সদস্যরা। কয়েকদিন আগে মিনাখাঁ থেকে তার ছবি পোস্ট করা হয়েছিল।

গত প্রায় দুমাস ধরে মিনাখাঁ বাস স্ট্যান্ডের কাছে স্থানীয় লোকেরা একজন ভবঘুরে যুবককে পড়ে থাকতে দেখতেন। তাকে খাবার এবং শীতের পোশাক দেওয়ার পাশাপাশি সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থাও করেন এলাকার মানুষেরা। কিছুদিন আগে সেই যুবকের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেই পোস্ট দেখে তার পরিবারের লোকেরা যোগাযোগ করলে স্থানীয় মানুষরা গত রবিবার তাঁদের হাতে ভবঘুরে ছেলেটিকে তুলে দেন। হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত তার বাবা-মা-পরিজনেরা। 
 

Developed by DXDasia